আর্জেন্টিনার অতিরিক্ত ফাউলের কারণেই আগে খেলা থেমেছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোকেকে ভয়ংকর এক ট্যাকল করেছেন পাভোন। ছবি: রয়টার্স
কোকেকে ভয়ংকর এক ট্যাকল করেছেন পাভোন। ছবি: রয়টার্স

ম্যাচের ৭৮ মিনিটেই আর বসে থাকতে পারলেন না মেসি। আর্জেন্টিনা সতীর্থদের অসহায় আত্মসমর্পণের দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠে চলে গেলেন। ম্যাচের শেষ ১০ মিনিটে কিন্তু ‘লড়েছে’ আর্জেন্টিনা। অন্তত যুদ্ধংদেহী মনোভাব দেখে সেটাই মনে হচ্ছিল। স্প্যানিশ খেলোয়াড়দের একের পর এক ফাউল করতে শুরু করেছিল আর্জেন্টিনা। অবস্থা দেখে আগেই ম্যাচ শেষ করার অনুরোধ জানিয়েছেন স্প্যানিশ কোচ!

ম্যাচের ৭৫ মিনিটের মধ্যেই ৬ গোল খেয়ে বসে আর্জেন্টিনা। এরপরই খেলায় নোংরামি ঢুকে পড়ে। একের পর এক ট্যাকল হতে থাকে স্প্যানিশ খেলোয়াড়দের ওপর। ৮১ মিনিটে অভিষিক্ত মেহা কারভাহালকে পেছন থেকে ট্যাকল করা হয়। ৮৭ মিনিটে কোকেকেও ভয়ংকর এক ফাউল করেন পাভোন। প্রীতি ম্যাচ না হলে দুটোতেই লাল কার্ড দেখার আশঙ্কা ছিল। তবে ইংলিশ রেফারি শুধু হলুদ কার্ড দেখিয়েছেন। ৮৭ মিনিটে কোকের ওপর ফাউলের পর তো পুরো স্পেন দলই ছুটে এসেছিল এর প্রতিবাদ করতে। স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস ছুটে এসে ধাক্কা দিয়েছেন পাভোনকে।

উত্তপ্ত পরিস্থিতিতে ৯০ মিনিট পূর্ণ হওয়ার আগেই ম্যাচ শেষ করে দেন রেফারি অ্যান্থনি টেলর। স্প্যানিশ টিভি চ্যানেল কুয়াত্রো এক ভিডিওতে দেখিয়েছে, ‘লা রোহা’ ম্যানেজার হুলেন লোপেতেগুই বারবার রেফারিকে অনুরোধ করেছেন খেলা শেষ করে দেওয়ার জন্য। লোপেতেগুইকে বারবার বলতে শোনা গেছে, ‘ওরা সর্বস্ব দিচ্ছে এখন। খেলা থামান!’ সে অনুরোধেই হোক কিংবা এ খেলা আর টানা অর্থহীন ভেবে রেফারি আসলেই আগে খেলা থামিয়েছেন। সুন্দর ফুটবল খেলে আর্জেন্টিনা—এমন কথা হয়তো এমন ঘটনার পর বলা কঠিন হয়ে যাবে!