আর্জেন্টিনার অস্বস্তি মেসির চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা দলের দুই চিকিৎসকের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ছেন মেসি l রয়টার্স
আর্জেন্টিনা দলের দুই চিকিৎসকের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ছেন মেসি l রয়টার্স

ম্যাচের ৬৪ মিনিট। আর্জেন্টিনার বিপক্ষে কর্নার হেড করে বক্সের বাইরে পাঠিয়ে দিলেন হন্ডুরাসের এক ডিফেন্ডার। বক্স থেকে কিছুদূরে বলটাকে নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন লিওনেল মেসি। পায়ে নেবেন, এমন সময় পেছন থেকে ধাক্কা দিলেন এক হন্ডুরান খেলোয়াড়। মাটিতে গড়িয়ে পড়ার সময় মেসির পিঠে লাগল উল্টো দিক থেকে আসা আরেক হন্ডুরান খেলোয়াড়ের হাঁটুর ধাক্কা।
দিন দশেক পর শতবর্ষপূর্তি কোপা আমেরিকায় চিলির সঙ্গে প্রথম ম্যাচ, এমন সময় মেসিকে মাটিতে গড়িয়ে কাতরাতে দেখাটা আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর জন্য বড় অস্বস্তিকর। মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় আর্জেন্টাইন অধিনায়ককে। যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন মেসি, তাতে কোপা আমেরিকায় তাঁর খেলা নিয়েই জেগেছিল বড় সংশয়।
তবে স্ক্যানের পর জানা গেল, যতটা ভাবা হয়েছিল, চোট অতটা গুরুতর নয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে জানিয়েছে, মেসি ‘পিঠের নিচের দিকের অংশে ও পাঁজরে আঘাত পেয়েছেন, কালশিটে দাগও পড়েছে।’ ধারণা করা হচ্ছে, কোপায় খেলা নিয়ে সংশয় নেই। তবে ২৮ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ড কবে নাগাদ সুস্থ হয়ে ফিরবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
চোট না পেলেও অবশ্য মেসিকে আর্জেন্টিনা দল ছেড়ে একবার বার্সেলোনায় যেতেই হতো। আগামী ২ জুন কর ফাঁকির মামলায় হাজিরা দিতে বার্সেলোনার আদালতে যেতে হবে তাঁকে। সেখান থেকেই ৬ জুন কোপার প্রথম ম্যাচের আগে ক্যালিফোর্নিয়ায় গিয়ে যোগ দেবেন আর্জেন্টিনা দলের সঙ্গে।
মেসির চোটই এই ম্যাচে সবচেয়ে বড় আলোচনার বিষয়। নতুবা হন্ডুরাসের সঙ্গে প্রীতি ম্যাচটিতে কাল আলো কেড়ে নিতে পারতেন গঞ্জালো হিগুয়েইনও। তাঁর দুর্দান্ত গোলেই ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা (১-০)। ৩৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে ক্রুইফ টার্নে এক ডিফেন্ডারকে কাটানো, এরপর গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ—মৌসুমে নাপোলির দুর্দান্ত ফর্ম নিয়েই কোপায় যাচ্ছেন হিগুয়েইন।
অন্য ম্যাচগুলোয় চোটে পড়া সুয়ারেজবিহীন উরুগুয়ে ৩-১ জিতেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে, এডিনসন কাভানি করেছেন জোড়া গোল। তবে গতবারের চ্যাম্পিয়ন চিলি ২-১ গোলে হেরে গেছে জ্যামাইকার কাছে। রয়টার্স।