টানা দুই ম্যাচ জয়। কোপা আমেরিকায় তিন ম্যাচে এর মধ্যেই ৭ পয়েন্ট পাওয়া হয়ে গিয়েছে। গ্রুপের শীর্ষেও আছে আর্জেন্টিনা।
সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজেই থাকার কথা দলটার কোচ লিওনেল স্কালোনির। কিন্তু যেভাবে ঘন ঘন মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে, খেলোয়াড়দের ফিটনেস নিয়েই উল্টো চিন্তায় পড়ে গেছেন ৪৩ বছর বয়সী এই কোচ।
আজ প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার সহায়তায় গোল পেয়েছেন আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ।
কিন্তু আর্জেন্টিনাকে কেমন যেন খোলসবন্দী মনে হয়েছে। মেসিও যেন নিজের মতো খেলছিলেন না। বলা বাহুল্য, মেসিকে আটকানোর জন্য প্যারাগুয়েও বেশ শরীরনির্ভর ফুটবল খেলেছে। এক মিগেল আলমিরন ছাড়া কেউই নিজেদের আক্রমণের দিকে মনোযোগ দেননি। সবার চিন্তায় ছিল শুধু এক বিষয়—কীভাবে মেসিকে আটকানো যায়, কীভাবে গোল না খাওয়া যায়।
সব মিলিয়ে বেশ পরিশ্রমের এক ম্যাচই খেলেছে আর্জেন্টিনা। ফলে খেলোয়াড়দের ফিটনেস নিয়েও সংশয় ঢুকে গেছে স্কালোনির মনে, ‘আমার খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা হচ্ছে। আজ তারা শারীরিকভাবে শতভাগ ফিট ছিল না। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়েও বেশ ভালো খেলেছে।’
মেসি সদ্যই বার্সেলোনার হয়ে ব্যস্ত এক মৌসুম কাটিয়ে যোগ দিয়েছেন জাতীয় দলের হয়ে। এখানে এসেও খেলে যাচ্ছেন ক্রমাগত, একটু হাঁপ নেওয়ারও ফুরসত পাচ্ছেন না। কিন্তু আর্জেন্টিনার যে অবস্থা, তাতে মেসিকে বিশ্রাম দেওয়ার চিন্তা করারই তো উপায় নেই। ১৯৯৩ সালের পর একটি আন্তর্জাতিক ট্রফির আশায় যখন তারা রীতিমতো হন্যে। আর মেসিই তো দলের প্রাণভোমরা।
স্কালোনি স্বীকার করেছেন সে ব্যাপারটিই, ‘অবশ্যই আমাদের উন্নতির অনেক জায়গা আছে এই ম্যাচের পরেও, যেমনটা অন্যান্য ম্যাচের পরে থাকে। সত্যিটা হলো মেসি নিয়মিত খেলে যাচ্ছে, আর ওর ওপরে ভরসা না করে থাকাও যায় না।’
কয়েকজন খেলোয়াড়কে অবশ্য আজ বিশ্রাম দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। নিকোলাস গঞ্জালেস, লাওতারো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, জোভান্নি লো সেলসো, রদ্রিগো দি পলের জায়গায় আজ খেলেছেন সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, জার্মান পেৎসালা, পাপু গোমেজরা।
পরের ম্যাচেও কিছু খেলোয়াড়কে বসানোর পরিকল্পনা আছে স্কালোনির, ‘রক্ষণের দিক দিয়ে আমরা বেশ ভালো খেলেছি। আজকে এমন কিছু খেলোয়াড় আমাদের হয়ে খেলেছে, যারা দলের হয়ে দুর্দান্ত ভূমিকা রেখেছে। এমনও হতে পারে, আগামী ম্যাচেও আমি মূল একাদশে বেশ কিছু পরিবর্তন আনব।’
এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে গেছে দল। দলের এ আত্মবিশ্বাসী অবস্থাটাকেই এখন কাজে লাগাতে চান স্কালোনি, ‘যেহেতু এর মধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গেছি, সেই চিন্তাটা নেই আর। কোয়ার্টারে ওঠার কারণে এখন আমরা সবাই একটু ফুরফুরে মেজাজে আছি। এখন আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং অনুশীলন করতে হবে।’
আগামী মঙ্গলবার ভোরে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।