আর্জেন্টিনার কৌশলে নাক গলাচ্ছেন না মেসি
>নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আগুয়েরোকে নামাতে মেসির ভূমিকা ছিল কি না, তা নিয়ে গুঞ্জন চলছিল কয়েক দিন ধরে। সাম্পাওলি মনে করেন, এমন কিছু ফুটবলে খুবই স্বাভাবিক ব্যাপার
আর্জেন্টাইন দলে কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক ভালো নয়—এমন খবর চাউর হয়েছিল। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সাম্পাওলির রণকৌশল নিয়ে নাকি বেজায় আপত্তি ছিল লিওনেল মেসি, হাভিয়ের মাচেরানোদের মতো তারকাদের। দলের একাদশ নিয়ে কোচের সঙ্গে কয়েক দফা কথা-কাটাকাটি হয়ে গেছে—এমন খবরও ছড়িয়ে পড়েছিল। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন অবশ্য পুরো বিষয়টিকেই ‘গুজব’ বলেছিল।
কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ‘লাইফ লাইন’ পাওয়া ম্যাচের একটি ঘটনা সংবাদমাধ্যমের দৃষ্টি এড়ায়নি। সে ম্যাচের একেবারে শেষ দিকে সার্জিও আগুয়েরোকে নামানো হবে কি না, তা নিয়ে ডাগআউট থেকেই মেসির ‘অনুমতি’ চান সাম্পাওলি। এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে সে ম্যাচের পরদিন বিশ্বের বড় বড় গণমাধ্যমে। তবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সাম্পাওলি মেসির হস্তক্ষেপের ব্যাপারটি অস্বীকারই করেছেন। তিনি জানিয়েছেন, পুরো দল যথেষ্ট গোছানো অবস্থায় আছে। আর মেসি তাঁর নিজের রণকৌশলে কোনো হস্তক্ষেপ করছেন না।
কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের সেই ঘটনা? তিনি কি সত্যি সত্যিই আগুয়েরোকে নামাতে মেসির অনুমতি চেয়েছিলেন? সাম্পাওলি এর ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘দেখুন, মাঠের খেলোয়াড়ের সঙ্গে কোচের যোগাযোগ হতেই পারে। সেদিন আমাদের হাতে আক্রমণভাগের জন্য বেশ কয়েকটি বিকল্প ছিল। আমি সেদিন মেসিকে সেটিই জানাতে চেয়েছি।’ মেসির মতো একজন খেলোয়াড় নিজের সব অভিজ্ঞতা দিয়ে দলে ভিন্ন রকম ভূমিকা রাখতেই পারে বলে মনে করেন সাম্পাওলি। মেসির দূরদর্শিতার প্রতি যে তাঁর আস্থা আছে, সেটি জানাতে ভোলেননি, ‘ফুটবলের প্রসঙ্গে মেসি আমাদের নানাভাবে সহায়তা করে। প্রখর মেধাবী বলেই সে অনেক কিছু অন্যদের চেয়ে বেশিই উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। তার মতো খেলোয়াড় সহজে কেউ পায় না।’
মেসিকে আটকানো নিয়ে ফ্রান্সের বিশেষ পরিকল্পনা থাকবে—এটা জানেন সাম্পাওলি। কিন্তু মেসি যেন নিজের খেলাটা খেলতে পারেন, সে পরিকল্পনাও যে তাঁর করা আছে, জানিয়েছেন সেটিও, ‘স্বাভাবিকভাবেই ফ্রান্স চাইবে মেসিকে আটকাতে। এ জন্য তাদের অবশ্যই বিশেষ পরিকল্পনা থাকবে। আমাদেরও পরিকল্পনা থাকবে মেসি যেন নিজের খেলাটা খেলতে পারে। দেখি কে সফল হয়!’