আর্জেন্টিনার গোলহীন ১৮০ মিনিট

বিশ্বকাপ বাছাইপর্বে দুটো খেলা হয়ে গেল আর্জেন্টিনার। দুটো ম্যাচের ১৮০ মিনিটে গোলহীন সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল খেলিয়েরা। প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরে সবাইকে স্তব্ধ করে দেওয়া আর্জেন্টিনা জয়হীন দ্বিতীয় ম্যাচেও। প্যারাগুয়ের মাঠে শরীরী শক্তি প্রদর্শনের এই ম্যাচে গোলশূন্য ড্র করে সমর্থকদের ভাবনাটা আরও বাড়িয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
চোট মাঠের বাইরে ঠেলে দিয়েছে লিওনেল মেসিকে। ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতি ভালোই টের পেয়েছে আর্জেন্টাইনরা। প্যারাগুয়ের বিপক্ষেও দলের সেরা খেলোয়াড়টিকে বড্ড মিস করেছে দল। কাল ছিলেন না সার্জিও আগুয়েরোও। এই দুই তারকার দায়িত্ব একা কাঁধে বহন করেছেন কার্লোস তেভেজ। কিন্তু তিনি ব্যর্থ। প্রথমার্ধে তো এগিয়ে যাওয়ার এক দুর্দান্ত সুযোগ কাজে লাগাতে পারেননি এই খ্যাপাটে তারকা।
গোলের সুযোগ নষ্ট করেছেন এজেকুয়েল লাভেজ্জিও। প্রথমার্ধে তিনি দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ গুছিয়ে নিয়ে আর্জেন্টাইনদের কাজটা কঠিন করে তুলেছিল প্যারাগুইয়ান রক্ষণসেনারা। এই অর্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা।
অতিআক্রমণে যেয়ে প্রতিআক্রমণে গোল হজম করারও ঝুঁকিতে ছিল আর্জেন্টিনা। প্যারাগুইয়ানদের প্রতি আক্রমণগুলো বারবারই আতঙ্ক ছড়িয়েছে আর্জেন্টিনার নিচের অর্ধে। গত জুলাইতেই কোপা আমেরিকা প্রতিযোগিতায় এই প্যারাগুয়েকেই ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা। কিন্তু মেসি-আগুয়েরোহীন এই আর্জেন্টিনার কাছে সে ধরনের কোনো ফল ছিল কষ্ট-কল্পনাই। সূত্র: রয়টার্স।