আর্জেন্টিনার গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এএফপি।
আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এএফপি।

কোপা আমেরিকা ফাইনালে হারের পর এই প্রথম আগুয়োরো-লাভেজ্জিদের সঙ্গে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি প্রীতির হলেও বিশ্বকাপ বাছাইপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই ম্যাচের গুরুত্ব যথেষ্টই ছিল আর্জেন্টিনার কাছে। ম্যাচের ফলেও প্রতিফলিত সেই ব্যাপারটা। হউস্টনের বিবিভিএ ক্যাম্পাস স্টেডিয়ামে কাল রাতে গোলের বন্যা বইয়ে বলিভিয়াকে ৭-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল পেয়েছেন তিন জন! সার্জিও আগুয়েরো আর এজেকুয়েল লাভেজ্জির লিওনেল মেসি। অপর গোলটি অ্যাঙ্গেল করেয়ার।
ম্যাচের শুরু থেকে মাঠে ছিলেন না মেসি। কিন্তু মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন সার্জিও অ্যাগুয়েরো। মেসি মাঠে নামার আগেই নিজে দুই গোল করে আর লাভেজ্জিকে দিয়ে দুই গোল করিয়ে আর্জেন্টিনাকে ৪-০ গোলে এগিয়ে নিয়েছিলেন আগুয়েরো। মেসির দুটি গোল আসে ম্যাচের ৬৭ আর ৭৫ মিনিটে। ৮৪ মিনিটে বলিভিয়ার জালে সপ্তম গোলটি করেন করেয়া।
ম্যাচের ৬ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লাভেজ্জি গোলটি করেন আগুয়েরোর দারুণ এক পাস থেকে। ৩৪ মিনিটে আর্জেন্টিনা পেয়ে যায় দ্বিতীয় গাল। এবার অবশ্য গোলদাতা ছিলেন আগুয়েরো। দুরূহ কোণ থেকে দারুণভাবেই বলিভিয়ার জালে বলটি প্রবেশ করান আগুয়েরো।
দুই গোলে এগিয়ে যাওয়ার পর পরের কিছু সময় পুরোপুরিই নিজেদের করে নিয়েছিলেন লাভেজ্জি আর আগুয়েরো। ৪১ মিনিটে আগুয়োরোর সহায়তাতেই নিজের দ্বিতীয় গোলটি করেন লাভেজ্জি। ৫৯ মিনিটে আর্জেন্টিনাকে ৪-০ গোলে এগিয়ে নেন আগুয়েরো। এই গোলটি আগুয়েরো করেন ওই লাভেজ্জির দারুণ এক পাস থেকেই।
৬৫ মিনিটে মাঠে নামেন মেসি। মাঠে নামার দুই মিনিটের মাথাতেই গোল পেয়ে যান এই মহাতারকা। মেসি মানেই তো রেকর্ড। কাল বলিভিয়ার বিপক্ষে গোল করে আরও একটি অনন্য রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি। এই গোলে সব লাতিন প্রতিপক্ষের বিপক্ষেই গোল করার কৃতিত্ব দেখালেন তিনি। লাতিন অঞ্চলের প্রায় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল পেলেও এই বলিভিয়ার বিপক্ষে কেন যেন আটকে ছিলেন তিনি। ৭৫ মিনিটে আগুয়েরোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
মেসি-আগুয়েরো কিংবা লাভেজ্জি, যেকোনো একজন হ্যাটট্রিকটা পেয়ে যান, এমন প্রার্থনা থাকলেও বলিভিয়ার জালে সপ্তম গোলটি করেন অ্যাঙ্গেল করেয়া। খেলার ৮৪ মিনিটে মাতিয়াস ক্রানেভিটারের পাস থেকে তিনি গোলটি করেন।
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকোর বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির দল। সূত্র: এএফপি।