আর্জেন্টিনার গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি বেঞ্চে বসা। তাঁর সঙ্গী অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, হাভিয়ের মাচেরানো, পাবলো জাবালেতা এমনকি গোলরক্ষক সার্জিও রোমেরোও। হংকংয়ের বিপক্ষে আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো যে একাদশটা নামালেন, সেটি বলতে গেলে আর্জেন্টিনার ‘দ্বিতীয় একাদশ’। ফিফা র্যাঙ্কিংয়ের ১৬৪ নম্বরে থাকা হংকং তালগোল পাকিয়ে ফেলল সেই দলটার সামনেই। বিরতির আগেই ৩-০। বিরতির পর একে একে মাঠে নামলেন মেসি, ডি মারিয়া, মাচেরানো, জাবালেতারা। ব্যবধান আরও বাড়বে, সেটা অনুমিতই ছিল। অপেক্ষা ছিল শেষ পর্যন্ত আর্জেন্টিনা কোথায় থামে সেটাই দেখার। মার্টিনোর দল থামল ৭ গোল দিয়ে! গঞ্জালো হিগুয়েইন, নিকোলাস গাইতান ও লিওনেল মেসির জোড়া গোলের পাশাপাশি একটা গোল করেছেন এভার বানেগাও।
সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি নষ্ট করেছেন মেসি। ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। সেই আক্ষেপ হয়তো হংকংয়ের সঙ্গে এমন গোলের বন্যা বইয়ে দিয়েও যাবে না। তবে ৪০ হাজার ধারণক্ষমতার হংকং স্টেডিয়াম কিন্তু কাল দারুণ উপভোগ করেছে বিশ্বকাপের রানার্সআপদের পারফরম্যান্স। শুরুতে মেসিকে একাদশে না দেখে অবশ্য অনেক দর্শক হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের নিরাশ করেননি আর্জেন্টাইন কোচ। হাভিয়ের পাস্তোরের বদলি হিসেবে মেসিকে নামিয়েছেন ৫৮ মিনিটে। ততক্ষণে আর্জেন্টিনা এগিয়ে গেছে ৪-০ গোলে। বাকি সময়টা সত্যিকার অর্থেই ‘মেসিময়’ হয়ে থাকল। নিজে দুটি গোল করলেন। গাইতানকে দিয়ে করালেন আরেকটি। বার্সেলোনা ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি তো রীতিমতো দর্শনীয়। ডি-বক্সের ভেতর ঘিরে ধরা তিন হংকং ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে দারুণ ফিনিশিং। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে নেওয়া শটটা লক্ষ্যভ্রষ্ট না হলে হয়ে যেত হ্যাটট্রিকটাও।
মাত্র আধা ঘণ্টার মতো খেলেই মাঠ মাতানো মেসির অটোগ্রাফের জন্য ম্যাচের শেষের দিকে নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন তাঁর এক ভক্তও। নিরাপত্তা প্রহরীরা অবশ্য পরে তাঁকে আটক করে নিয়ে গেছেন। কিন্তু এর আগেই গায়ের জার্সিতে মেসির সই নেওয়া হয়ে গেছে তাঁর। টেন স্পোর্টস।