দুই ঘণ্টা আগে-পরে দুটি ম্যাচ। স্কোরলাইনেও ব্যবধান থাকল দুই গোলের। মেলবোর্নে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে হারিয়েছে নেইমারহীন ব্রাজিল, আর দুই ঘণ্টা পরে সিঙ্গাপুরে শুরু হওয়া ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা।
র্যাঙ্কিংয়ে ৪৮তম অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ, শীর্ষে থাকা ব্রাজিলের জন্য এ আর এমন কী! তাই বলে মাত্র ১৪ সেকেন্ডেই গোল! ম্যাচ শুরুর বাঁশির কয়েক সেকেন্ড পরই অস্ট্রেলিয়ার মার্ক মিলিগানের পা থেকে বল কেড়ে নেন জুলিয়ানো, তাঁর বাড়ানো পাস থেকে গোল করেন ডিয়েগো সৌজা। যোগ করা সময়ে ম্যাচের শেষ গোলটিও সৌজার। কদিন পরই কনফেডারেশনস কাপে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের অন্য দুটি গোলও হয়েছে দ্বিতীয়ার্ধে, ৬২ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি করেন থিয়াগো সিলভা, ১৩ মিনিট পর তৃতীয়টি টাইসনের।
অস্ট্রেলিয়া যদি ব্রাজিলের জন্য সহজ হয়, তাহলে র্যাঙ্কিংয়ে ১৫৭তম সিঙ্গাপুর তো দুইয়ে থাকা আর্জেন্টিনার জন্য ডালভাত। এমনই যে, মাঝে মাঝে ভ্রম হচ্ছিল—এটা ম্যাচ, না আর্জেন্টিনার ৯০ মিনিটের ‘আক্রমণ বনাম রক্ষণ’ অনুশীলন! প্রথম গোল পেতে অবশ্য ২৫ মিনিট লেগেছে হোর্হে সাম্পাওলির দলের। ফেদেরিকো ফাজিওর ওই গোলে শুরু ‘গোল-উৎসব’ শেষ হয় যোগ করা সময়ে অ্যাঙ্গেল ডি মারিয়ার ব্যাক ফ্লিকে করা গোলে। প্রথমার্ধে আর্জেন্টিনার গোল আর একটিই, ৩১ মিনিটে হোয়াকুইন কোরেয়ার। দ্বিতীয়ার্ধে ডি মারিয়ার আগে তিনটি গোল আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস ও লুকাস আলারিওর। গোলডটকম।