আর্জেন্টিনার জার্সি উপভোগ করেননি মেসি-মাচেরানো!

সব খেলোয়াড়ই দেশের প্রতিনিধিত্ব করতে চায়। দেশের জার্সিতে মাঠে নেমে খেলতে চায় মনপ্রাণ উজাড় করে। লিওনেল মেসিও সেটা চান বলেই অবসর ভেঙে ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। কিন্তু তাঁর একসময়ের বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেজ বলছেন অন্য কথা। কিংবদন্তি এ মিডফিল্ডারের দাবি, বার্সায় খেলার সময় তাঁর মনে হতো আর্জেন্টিনার জার্সিতে খেলা ঠিক উপভোগ করতেন না মেসি!
শুধু মেসি নয়, হাভিয়ের মাচেরানোর ক্ষেত্রেও একই দাবি করেছেন জাভি। তাঁর মতে, আর্জেন্টিনা জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের সেভাবে মূল্যায়ন করা হয় না। আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার দীর্ঘদিন শিরোপা-বঞ্চিত থাকার নেপথ্যে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সুসম্পর্ক ও ঐক্যের অভাবকে দায়ী করেছেন জাভি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্পেনের ফুটবল ইতিহাসে সবচেয়ে প্রভাব রাখা খেলোয়াড়টি বলেছেন, ‘আর্জেন্টিনায় জাতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়দের সেভাবে মূল্যায়ন করা হয় না। তাঁদের সমালোচনা করার কারণটা আমি বুঝি না।’
দুই বছর আগে বার্সা ছাড়ার পর জাভি এখন কাতারের ক্লাব আল-সাদে খেলছেন। কাতালান ক্লাবটিতে মেসির সঙ্গে ১১ বছর ও মাচেরানোর সঙ্গে পাঁচ বছর খেলেছেন জাভি। এ সময় তাঁদের দেখে যা মনে হয়েছে, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সেটাই বলেছেন জাভি, ‘বার্সায় থাকতে মনে হয়েছে মেসি ও মাচেরানো জাতীয় দলের হয়ে খেলাটা ঠিক উপভোগ করত না। তবে শিরোপা জয়ের জন্য যে সৌভাগ্যটুকু দরকার, আর্জেন্টিনা তা পায়নি।’
আর্জেন্টিনার জার্সিতে মাচেরানোর অভিষেক ২০০৩ সালে। এর দুই বছর পর অভিষেক ঘটে মেসির। এ সময় চারবার কোপা আমেরিকা ও একবার বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এবারও বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকছে লাতিন আমেরিকান দেশটি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ আছে আর্জেন্টিনার। তবে জাভি কিন্তু আশাবাদী, ‘মেসিকে ছাড়া বিশ্বকাপ আমি ভাবতে পারি না। লাতিন আমেরিকান বাছাইপর্ব অনেকটাই ইউরোপিয়ান টুর্নামেন্টের মতো। আমি নিশ্চিত, তাঁরা গ্রুপপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এবং সেটাও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে।’ সূত্র: মার্কা