আর্জেন্টিনার ডাগআউটে কেন কাঁদছিলেন মার্তিনেজ?

মার্তিনেজছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে তখন আর্জেন্টিনা। এর মধ্যে দলের শেষ গোলটি করেছেন লাওতারো মার্তিনেজ নিজেই। ৬৫ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাঁকে। এর পরে খেলা দেখছিলেন ডাগআউট থেকে। হঠাৎ দেখা গেল, ডাগআউটে বসে কাঁদছেন মার্তিনেজ।

নিজে গোল করেছেন। সঙ্গে দলও পেয়েছে বড় জয়। যে জয়ের ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট হয়ে গেছে আর্জেন্টিনার। ফলে টেবিলের ১-এ থাকা ব্রাজিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছয়ে নামিয়ে এনেছে আলবিসেলেস্তেরা। ব্যক্তিগত সাফল্য ও দলীয় জয়ের দিনে তবে কেন কাঁদছেন মার্তিনেজ?

কাঁদছিলেন মার্তিনেজ
ছবি: সংগৃহীত

অবশ্যই এই কান্না দুঃখের নয়, আনন্দের। জাতীয় দলের হয়ে আজই প্রথমবার নিজ শহর বুয়েনস এইরেসের এল মনুমেন্টাল স্টেডিয়ামে খেলেছেন মার্তিনেজ। পরিবারের সদস্যেরা উপস্থিত ছিলেন গ্যালারিতে। পরিবারের সামনে গোল করে কান্না আর ধরে রাখতে পারেননি।

কেন কাঁদছিলেন? ম্যাচ শেষে এই প্রশ্নে মার্তিনেজ বলেছেন, ‘সবচেয়ে বেশি করেছি আমার মেয়ের জন্য, পরিবারের জন্য। আমার পরিবারের যারা স্টেডিয়ামে ছিল, তাদের কথা ভাবছিলাম। এ জন্য আমি আবেগী হয়ে পড়ি। অনেক আত্মত্যাগ করতে হয়েছে, অনেক কিছু পাশে সরিয়ে রাখতে হয়েছে। আমার পরিবার সব সময় আমাকে সমর্থন দিয়েছে। এ জন্য সব সময় আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন মার্তিনেজ।