আর্জেন্টিনার নতুন আগুয়েরোকে নিয়ে হরলান্ডকে ভুলবেন গার্দিওলা

হুলিয়ান আলভারেজছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির পাশে আর্জেন্টিনা দলে এখন নিয়মিত ডাক পান। অবশ্য এখনো সেভাবে খেলা হয়নি মাঠে। গত জুনে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে পাঁচ ম্যাচে ১০৬ মিনিট খেলেছেন। ২০২১ কোপা আমেরিকার পদকও শোভা পেয়েছে তাঁর গলায়। সেখানে অবশ্য শুধু গ্রুপ পর্বে বলিভিয়ার বিপক্ষে ৩৪ মিনিট খেলেছেন।

কিন্তু আর্জেন্টিনার জার্সি নয়, আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের জার্সিতে যা করেছেন, তাতেই ইউরোপের নজরে চলে এসেছেন হুলিয়ান আলভারেজ। খেলার ধরনে সের্হিও আগুয়েরোর সঙ্গে মিল আছে বলে ‘নতুন আগুয়েরো’ও বলা হয়। শেষ পর্যন্ত আসল আগুয়েরো, অর্থাৎ সের্হিও আগুয়েরোর সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটিই আলভারেজকে পেতে যাচ্ছে—ইউরোপে জোর গুঞ্জন এমনই।

মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজ
ছবি: টুইটার

আর ৯ দিন পর ২২তম জন্মদিনের কেক কাটতে যাওয়া আর্জেন্টাইনকে পেতে ইউরোপের কোন কোন বড় ক্লাব আগ্রহী, তার চেয়ে সম্ভবত কোন ক্লাব আগ্রহী নয়, সে তালিকা ছোট হবে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল, জুভেন্টাস, ইন্টার মিলান, ডর্টমুন্ড, আয়াক্স...ইউরোপের আগ্রহের কেন্দ্রে ছিলেন আলভারেজ। কদিন আগে তো ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর যাওয়ার গুঞ্জন প্রায় সত্যি হতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ইউনাইটেড নয়, ম্যানচেস্টারেরই আরেক ক্লাব পেতে যাচ্ছে আলভারেজকে।

দলবদলের গুঞ্জনের ক্ষেত্রে প্রায় নিখুঁত খবর দিয়ে বিশ্বস্ত হয়ে ওঠা ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানাচ্ছেন, আলভারেজের জন্য রিভারপ্লেটকে ১ কোটি ৬০ লাখ ইউরো দেবে সিটি। যদিও আর্জেন্টাইন সংবাদমাধ্যম আগে জানিয়েছিল, রিভারপ্লেটে আলভারেজের ‘রিলিজ ক্লজ’ ২ কোটি ইউরো। তবে সিটি ১৬ মিলিয়নের পাশাপাশি শর্তসাপেক্ষ বোনাসও দেবে রিভারপ্লেটকে, তবে সেটির অঙ্ক এখনো চূড়ান্ত হয়নি। তবে আলভারেজকে এখনই নিজেদের ক্লাবে খেলতে দেখতে পাবেন না সিটি সমর্থকেরা। রোমানোর পাশাপাশি ম্যানচেস্টারের পত্রিকা ম্যানচেস্টার ইভনিং নিউজও জানাচ্ছে, আলভারেজকে কিনে আবার ছয় মাসের জন্য রিভারপ্লেটে ধারে পাঠাবে সিটি।

হুলিয়ান আলভারেজ
ছবি: টুইটার

সেটি সম্ভবত আলভারেজের অনুরোধেই। এ বছরটা বিশ্বকাপের বছর। এর মধ্যে জানুয়ারিতে মৌসুমের মাঝপথে ক্লাব বদলানো মানে নতুন কোচ, নতুন কৌশল, নতুন সতীর্থ, নতুন পরিবেশ, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া। মানিয়ে নিতে সময় লাগা মানে সিটির একাদশে নিয়মিত হতে পারবেন না আলভারেজ, তাতে আর্জেন্টিনা দলেও জায়গা অনিশ্চিত হয়ে যেতে পারে। বিশ্বকাপের বছরে মৌসুমের মাঝপথে এই ঝুঁকি নিতে রাজি নন আলভারেজ।

সিটির সঙ্গে কদিন ধরে ডর্টমুন্ডের নরওয়েইজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ডের নাম জড়িয়ে গুঞ্জন বেশি শোনা যাচ্ছিল। কিন্তু হরলান্ড রিয়াল মাদ্রিদ নয়তো বার্সেলোনায় যেতে বেশি আগ্রহী বলে শোনা যায়। সিটি ভক্তরা এতে যদি হতাশ হয়ে থাকেন, সে ক্ষেত্রে ‘নতুন আগুয়েরো’কে দিয়ে হয়তো কিছুটা কষ্ট ঘুচবে তাদের। গার্দিওলার হাতে পড়ে আলভারেজ কেমন করতে পারেন, সেদিকে তাকিয়ে থাকবেন আর্জেন্টিনা ভক্তরাও।

আর ম্যান সিটি ভক্তরা হয়তো তাঁর মধ্যে আগুয়েরোকে খুঁজবেন। এই মৌসুমে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় গেলেও হৃদ্‌যন্ত্রে অনিয়মিত স্পন্দনের কারণে শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সেই ফুটবল ছেড়ে দিতে বাধ্য হন আগুয়েরো। আলভারেজ ‘আগুয়েরো’ হতে পারবেন কি না, এমনকি আগুয়েরোকে ছাপিয়েও যেতে পারবেন কি না, তা সময় বলবে।

কোপা জেতা আর্জেন্টিনা দলে ছিলেন হুলিয়ান আলভারেজ
ছবি: টুইটার

তবে ইঙ্গিত সে রকমই। গত ছয়-সাত মাসে বেশ আলোচনায় এসেছেন আলভারেজ, তার পেছনে ভূমিকা রেখেছে রিভারপ্লেটের জার্সিতে তাঁর অবিশ্বাস্য ফর্ম। এবার আর্জেন্টাইন লিগে ১৭ ম্যাচেই ১৮ গোল করেছেন আলভারেজ, করিয়েছেন আরও ৬টি! লিগের সর্বোচ্চ গোলদাতাই তিনি। মূলত স্ট্রাইকার নয়তো মূল স্ট্রাইকারের পেছনে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলেন আলভারেজ, খেলতে পারেন ‘ফলস নাইন’ হিসেবেও।

আর্জেন্টাইন সাংবাদিক সান্তি বাউসাকে উদ্ধৃত করে ম্যানচেস্টার ইভনিং নিউজ লিখেছে, ‘২০০০-এর দশকের মাঝামাঝিতে সের্হিও আগুয়েরোর পর আলভারেজই আর্জেন্টিনা থেকে উঠে আসা সবচেয়ে আগ্রহজাগানিয়া ফুটবলার। দুজনের মধ্যে অনেক মিল আছে। কুনের (আগুয়েরো) মতো আলভারেজও বল পায়ে দ্রুতগতির, নিজের গায়ের সঙ্গে লেগে থাকা মার্কারকে ছিটকে বেরিয়ে যেতে পারে সহজেই। দলের আক্রমণ গড়ে ওঠার সময়ে সম্পৃক্ত থাকে, সেই আক্রমণে সমাপ্তিও টানতে পারে। (ডি বক্সের আশপাশে) কোনো জায়গা থেকেই শট নিতে ভয় পায় না, বল জালে ঢুকবে এই আত্মবিশ্বাস নিয়েই শট নেয়।’