আর্জেন্টিনার নতুন কোচ অন্য রকম এক মানুষ

রোজারিও সেন্ট্রালের মূল দলে জায়গা পাওয়ার এক বছর পরও তাঁকে সাইকেলে চাপতে দেখেছে অনেকে। সাইকেলে চেপেই বাড়ি থেকে ক্লাব, বেরোনোর আগে মাকে ঠিক বলে যাওয়া, ‘আমি অমুক সময় ফিরব, মা।’ দুই বছর পর, ১৯৭৯ সালে অবশেষে নিজের জমানো টাকায় একটা গাড়ি কিনতে পারলেন। সেটিও আহামরি গাড়ি নয় কোনো। এদগার্দো বাউজা তাঁর চুক্তির প্রথম টাকা দিয়ে কিছু জামা আর জুতো কিনেছিলেন। বাবার আয়ে যে সংসারটাই চলত কোনোমতে।
‘কাজ আর পড়াটা আমার জন্য পাশাপাশি চালিয়ে যাওয়া ছিল বাধ্যতামূলক। ক্লাবের মূল দলে জায়গা পাওয়াটা ছিল স্রেফ ভাগ্যের জোরে। কারণ, আমি সেই প্রতিভাধর কখনোই ছিলাম না’—বাউজার সরল স্বীকারোক্তি বলে দেয় তাঁর জীবনের দর্শন। পরিশ্রম করো, খাটো খাটো। জীবনের কোনো মুহূর্তটিকে নিশ্চিত বলে ধরে নিয়ো না। আজ রাজার হালে আছো, কে জানে কাল কী হবে? পিঁপড়া হও। প্রতিটা মুহূর্ত সঞ্চয় করো।
অগোছালো সংসার হয়ে পড়া আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর অগ্রাধিকার তালিকার শুরুর দিকে থাকবে দলের খেলোয়াড়দের মনে এই দর্শনটাও ঢুকিয়ে দেওয়া—‘তোমরা বিশ্বের সবচেয়ে বড় তারকা। ক্লাব ফুটবলে কাঁড়ি কাঁড়ি টাকা পাও। কিন্তু পরিশ্রম করো, আরও আরও খাটো। জাতীয় দলের জন্য। আর্জেন্টিনার জন্য।’
অন্য রকম মানুষ বাউজা। বইয়ের পোকা। নেলসন ম্যান্ডেলাকে মনে করেন গুরু। একসময় রাজনীতিও করেছেন। খেলোয়াড় থাকার সময়ই পপুলার সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে নিজের শহরে দাঁড়িয়ে গিয়েছিলেন কাউন্সিলর নির্বাচনে। রাজনীতির ময়দান ছেড়ে দিয়েছেন। তবে এখনো আদর্শ থেকে বিচ্যুত নন। সমাজের অবক্ষয় নিয়েও ভাবেন, দলের ডিফেন্স নিয়ে ভাবেন যেভাবে। ‘খুবই হতাশ লাগে দেখে এখন মানুষ বইয়ের বদলে ভিডিও গেমে বুঁদ হয়ে থাকছে’—বলেছিলেন বাউজা।
নিজেকে সব সময়ই সাধারণ মানের ফুটবলার ভেবে আসা এই বাউজার আছে সেই বিরল রেকর্ড, যা তাঁকে বসিয়েছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পাশে। পেশাদার ফুটবলে ডিফেন্ডারদের সর্বোচ্চ গোলের তালিকায় বেকেনবাওয়ার, ড্যানিয়েল প্যাসারেলা, ফার্নান্দো হিয়েরোর পরেই আছেন তিনি। পরিশ্রমটাকে মূলমন্ত্র বানিয়ে দিতে পারেন বলেই হয়তো ইকুয়েডরের কুইতো কিংবা আর্জেন্টিনার সান লরেঞ্জোকে নিয়ে জন্ম দিতে পেরেছিলেন রূপকথার। ২০০৮ ও ২০১৪ সালে এই দুটি ক্লাব অনেককেই চমকে দিয়ে জিতেছিল কোপা লিবার্তাদোরেস। বাউজা অবশ্যই আর্জেন্টিনা কোচ হিসেবে সেরা পছন্দ।
অবশ্য বাউজার এই রেকর্ডের বাকি তিন সঙ্গীর সঙ্গে একটা পার্থক্য আছে। ইউরোপে তিনি কখনোই খেলেননি। এমনকি কোচ হিসেবেও তাঁর বিচরণ ছিল দক্ষিণ আমেরিকার ফুটবলেই। কিন্তু দৃশ্যত আর্জেন্টিনার সবচেয়ে কঠিন এই সময়ে যখন দেশের সেরা কোচদের কেউই খুশি মনে দায়িত্বটা নিতে রাজি হননি; ফিরিয়ে দিয়েছেন সিমিওনে-সাম্পাওলিরা; দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসিও যখন হাল ছেড়ে বসে আছেন; বাউজাই সঠিক নেতা, উত্তাল সাগরে পড়া জাহাজটার হাল ধরার জন্য।
আর্জেন্টিনার ফুটবলের নতুন দর্শন ঠিক করতে তিনি বেছে নিয়েছেন ম্যান্ডেলাকেই। বলেছেন, ‘ভুল মানুষের জীবনের খুবই স্বাভাবিক একটা অংশ। কিন্তু আসল ব্যাপারটি হলো আদর্শের জন্য লড়াই করা যেটা আমাদের আরও শক্তিশালী করে। এর থেকে সরে আসা আমাদের ঠিক হবে না।’
শেষ কথাটা হয়তো মেসির উদ্দেশেই বলা! সূত্র: গোলডটকম