আর্জেন্টিনার পরীক্ষা, নির্ভার ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ব্রাজিলের কাজটা যতটা সহজ মনে হচ্ছে আর্জেন্টিনার জন্য বোধ হয় ততটাই কঠিন। উড়তে থাকা নেইমারদের সামনে পেরু তো আর এমন বড় কোনো বাধা নয়, যতটা মেসিদের সামনে কলম্বিয়া। চলুন, দেখে নেওয়া যাক বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল নিজ নিজ ম্যাচের আগে কোথায় দাঁড়িয়ে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন

আর্জেন্টিনা কলম্বিয়া
ভেন্যু: সান হুয়ান স্টেডিয়াম, আর্জেন্টিনা
মুখোমুখি: আর্জেন্টিনার জয় ২৩ * কলম্বিয়ার জয় ৮ * ড্র ৬
* আর্জেন্টিনার জন্য এটা অনেকটা জীবন-মরণ ম্যাচ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছয় নম্বরে এদগার্দো বাউজার দল। এই ম্যাচে ৩ পয়েন্ট না পেলে সেরা চারে থেকে বিশ্বকাপ খেলার লড়াইয়ে অনেক পিছিয়ে যাবে আর্জেন্টিনা। ১৮ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিনে। তবে হেরে গেলেও ওরা লড়াইয়ে থাকবে।

.
.

* ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচেই আর্জেন্টিনাকে ২-১ ও ৫-০ গোলে হারিয়ে দুঃস্বপ্ন উপহার দিয়েছিল কলম্বিয়া। তবে এরপর বাছাইপর্বে আরও ১১ বার মুখোমুখি হয়ে মাত্র একবার জিতেছে তারা, ২০০৭ সালে (২-১ গোলে)। সব ধরনের প্রতিযোগিতায় ওটাই কলম্বিয়ার কাছে আর্জেন্টিনার সর্বশেষ হার।
* বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠ আর্জেন্টিনার কাছে দুর্গের মতোই। ১৯৯৩ সালের পর ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ হারেনি তারা। তবে সর্বশেষ হারটা কিন্তু কলম্বিয়ার বিপক্ষেই!
এদগার্দো বাউজা
আর্জেন্টিনা কোচ
আমাদের জিততেই হবে, সে জন্য দরকার হলে ঝুঁকি নিতে হবে। এর বিকল্প নেই।
হুয়ান কুয়াদ্রাদো
কলম্বিয়া উইঙ্গার
ব্রাজিলের কাছে ৩-০ গোলের হার ওদের আরও ক্ষুধার্ত করে রাখবে। কিন্তু আমাদেরও পয়েন্ট দরকার, আমরাও ছাড় দেব না।
ব্রাজিল পেরু
ভেন্যু: লিমা ন্যাসিওনাল স্টেডিয়াম, পেরু
মুখোমুখি: ব্রাজিলের জয় ৩০ * পেরুর জয় ৪ * ড্র ৯
* ইতিহাস বলে বাছাইপর্বের সব ম্যাচ শেষে ২৮ পয়েন্ট পেলেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা যায়। সেই হিসাবে ব্রাজিল বেশ নিরাপদ জায়গায় এবার। ৭ ম্যাচ বাকি থাকতেই তাদের পয়েন্ট ২৪। ১৯৮২ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা পেরু এবার ১১ ম্যাচ পর ১৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে। এবারও তাই বাছাইপর্বেই শেষ হতে পারে তাদের পথচলা।
* বিশ্বকাপ বাছাইপর্বে পেরু কোনো দিন হারাতে পারেনি ব্রাজিলকে। এটা যদি নেইমারদের স্বস্তির ব্যাপার হয় তাহলে দুশ্চিন্তা হচ্ছে, দুই দলের সর্বশেষ দেখা শতবর্ষী কোপা আমেরিকার ম্যাচটাতে পেরুই জিতেছিল ১-০ গোলে! ওই হার কোপা থেকেই ছিটকে দিয়েছিল ব্রাজিলকে।
* কোচ তিতে যেন জাদুর ছোঁয়ায় বদলে দিয়েছেন ব্রাজিলকে। তিনি দায়িত্ব নেওয়ার পর বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছে ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে মার্সেলো বিয়েলসার আর্জেন্টিনার পর আর কোনো দল টানা ৫ ম্যাচ জেতেনি।
তিতে
ব্রাজিল কোচ
টানা পাঁচ জয় আশা করিনি। তবে এখনো উন্নতির সুযোগ আছে। এখন যতটা ভালো খেলছি সামনে ততটাই খারাপ সময়ের জন্য তৈরি থাকতে হবে।
রিকার্দো গারেকা
পেরু কোচ
মাটিতে পা রেখে খুব বিনীতভাবেই বলছি, ব্রাজিলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।