আর্জেন্টিনার ফুটবলে বিরক্ত তেভেজের অবসরের ইঙ্গিত

ফুটবলকে ‘বিদায়’ বলারই ইঙ্গিত দিয়ে দিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, এই মৌসুমের শেষেই ফুটবল থেকে অবসর নিয়ে নিতে পারেন।
বয়সটা খুব বেশি যে হয়েছে, সেটা বলা যাবে না—মাত্র ৩২ বছর বয়সেই ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছেন কিছুটা হতাশাগ্রস্ত হয়েই। তেভেজ নিজেই বলেছেন, আর্জেন্টাইন ফুটবলের বিভিন্ন সমস্যা তাঁকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। তাঁর বর্তমান ক্লাব বোকা জুনিয়র্সের ওপর বাইরের চাপটা ভালো লাগছে না। এই চাপটা তৈরিতে গণমাধ্যমকেই দায়ী করেছেন। সম্প্রতি তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন।
তেভেজ মনে করেন, এই নিষেধাজ্ঞার পেছনে মিডিয়ার একটি বড় ভূমিকা আছে, ‘মিডিয়াই আমার এই শাস্তির পেছনে ভূমিকা রেখেছে। আমি ফুটবল উপভোগ করি। কিন্তু ফুটবলকে ঘিরে যা কিছু হচ্ছে, সেগুলো আমি উপভোগ করছি না।’
উপভোগ করছেন না বলেই ফুটবল ছেড়ে দেওয়ার ব্যাপারটি আসছে, ‘এই বছরের শেষে আমার অবসর নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা আছে।’ আর্জেন্টাইন ফুটবলের ব্যবস্থাপনা নিয়েও বিরক্ত তেভেজ, ‘এখানে কোনো কিছুরই ঠিক নেই। এমনকি ফিকশ্চারটাও। ইউরোপে প্রতিটি দলই জেনে যায় পরের ছয় মাস তারা কার কার সঙ্গে কোথায় কোথায় খেলবে। আর্জেন্টিনায় সোমবার জানা যায় শুক্রবার কার সঙ্গে, কোথায় খেলতে হবে।’
৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তেভেজ জাতীয় দলের হয়ে নিয়মিত নন বেশ অনেক দিন। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের হয়ে খেলার পর তেভেজ বোকায় ফিরে এসেছেন বেশ তরুণ বয়সেই। বুড়ো হয়ে ফিরে আসার রেওয়াজ ভেঙেছেন। কিন্তু এসে মনে হচ্ছে ভুলই করেছেন!