আর্জেন্টিনার বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

নেইমার পড়েছেন চোটেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের ঠিক আগে সম্ভাব্য সবচেয়ে বড় দুঃসংবাদটিই শুনলেন ব্রাজিলের কোচ তিতে।


চোটে পড়েছেন নেইমার। বাঁ ঊরুর মাংসপেশির চোটে পড়ে আর্জেন্টিনার বিপক্ষে ‘সুপার ক্লাসিকো’ খেলা হচ্ছে না দলটির সবচেয়ে বড় এই তারকার। ফলে মেসি-নেইমার দ্বৈরথও দেখা হচ্ছে না ফুটবলভক্তদের। আর্জেন্টিনার সান হুয়ানে হবে ম্যাচটি। আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় হবে এ ম্যাচ।

আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি ও ব্রাজিল তারকা নেইমার
ফাইল ছবি: এএফপি

নেইমারদের ব্রাজিলের পালমেইরাসে দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। সোমবার সকালে সে ক্যাম্পে হওয়া অনুশীলনে ধরা পড়ে, ঠিক সুস্থ নেই নেইমার। ঊরুর চোটটা বেশ ভোগাচ্ছে। চোটের মাত্রা কেমন, সেটা নির্ধারণ করারও তেমন সময় ছিল না। তাই টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে এ ম্যাচে নেইমারকে না খেলানোর। এই বিবৃতিই দিয়েছে ব্রাজিলের ফেডারেশন।


নেইমার নিজেও দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে সব পক্ষেরই মনে হয়েছে, নেইমারের বিশ্রাম দরকার। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে নামবে পিএসজি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়া নেইমারকে ব্রাজিলের হয়ে খেলতে দিয়ে বিপদ আরও বাড়াতে চাইছে না পিএসজি। তাই তাঁকে প্যারিসে ফেরত আনছে ক্লাব।

আজ ভোরে আরেকবার মুখোমুখি হচ্ছেন মেসি–নেইমার
ফাইল ছবি

নেইমার যেহেতু খেলবেন না, সে ক্ষেত্রে মূল একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র কিংবা বার্সেলোনা ফিলিপ কুতিনিও।

তবে ম্যাচটি হারলেও যে বাছাইপর্বের লড়াইয়ে ব্রাজিল পিছিয়ে পড়বে, ব্যাপারটা তেমন নয়। এর মধ্যেই ৩৪ পয়েন্ট নিয়ে কনমেবল গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ছয় কম। ম্যাচ হারলেও শীর্ষেই থাকবে ব্রাজিল। কে জানে, হয়তো সে কারণেই নেইমারকে প্যারিসে পাঠিয়ে দেওয়ার সাহস করেছে ব্রাজিল!

ব্রাজিলের হয়ে ১১৬ ম্যাচ খেলে ৭০ গোল আর ৫২ গোলসহায়তা নেইমারের। অর্থাৎ ১১৬ ম্যাচ খেলে ১২২টি গোলে অবদান রেখেছেন গোল করে বা করিয়ে।