আর্জেন্টিনার শত্রু আর্জেন্টাইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেছেন ব্যারিওস। ছবি: এএফপি
আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেছেন ব্যারিওস। ছবি: এএফপি

প্রায় ৬০ মিনিট আধিপত্য বজায় রাখলেন লিওনেল মেসিরা। একের পর এক আক্রমণে কাঁপিয়ে তুললেন প্যারাগুয়ের রক্ষণ। সার্জিও আগুয়েরো ও মেসির গোলে ৬০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও কোপা আমেরিকায় শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে।
খেলার এমন ফলে নিশ্চয়ই হতাশ আর্জেন্টিনা। তাদের আক্ষেপ আরও বাড়িয়ে দিয়েছেন প্যারাগুয়ের লুকাস ব্যারিওস। ৭৯ মিনিটে বদলি নামে ম্যাচের অন্তিম মুহূর্তে দারুণ এক গোল করে দলকে পরাজয় থেকে রক্ষা করেছেন এই স্ট্রাইকার। গোল করেই সে কী আনন্দ তাঁর। যেন বুকের ভেতর পুষে রাখা দীর্ঘদিনের যন্ত্রণা উপশম হলো!
‘যন্ত্রণা’? হ্যাঁ, যন্ত্রণাই তো! স্বদেশ যে তাঁকে চিনতে পারেনি। ব্যারিওস একজন আর্জেন্টাইন। সেই তিনিই কিনা প্যারাগুয়ের হয়ে এক ধাক্কা দিলেন আর্জেন্টিনাকে।
হয়তো একটা সময় ব্যারিওস ভেবেছিলেন, বড্ড ভুল সময়ে জন্মেছেন। আর্জেন্টিনায় এত এত খেলোয়াড়, সবাই দুর্দান্ত খেলছেন। মেসি, গঞ্জালো হিগুয়েইন, আগুয়েরো, কার্লোস তেভেজদের মতো তারকাদের দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই কিনা বুদ্ধিমানের মতো একটা কাজ করলেন তিনি। আর্জেন্টিনার হয়ে খেলার আশা ছেড়ে দিয়ে ২০১০ সালের মার্চে নিয়ে ফেলেন প্যারাগুয়ের নাগরিকত্ব। তাঁর মা অবশ্য প্যারাগুয়েরই, সেই সুবাদে চট করে পেয়ে গেলেন সে দেশের নাগরিকত্ব।

একই বছর প্যারাগুয়ে দলে ডাক পান ব্যারিওস। তখন প্যারাগুয়ের কোচ কে ছিলেন জানেন? বর্তমান আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। বোঝাই যাচ্ছে, গত রাতে মার্টিনোর হাসি কেড়ে নিয়েছেন তাঁরই স্বদেশি, সাবেক ছাত্র ব্যারিওস।

অবশ্য আর্জেন্টিনাকে জয়বঞ্চিত করতে আরেক স্বদেশির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি রামোন ডিয়াজ, প্যারাগুয়ের কোচ।

শুরুতে রক্ষণাত্মক খেললেও দারুণ কৌশলে শেষ ৩০ মিনিটে মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন ডিয়াজের ছাত্ররা। শেষ দিকে বেশ কিছু আক্রমণ চালায় প্যারাগুয়ে।

আর্জেন্টিনা প্রচুর সুযোগ তৈরি করলেও খুব বেশি কাজে লাগাতে পারেনি। প্যারাগুয়ে সে ক্ষেত্রে ব্যতিক্রম। তারা দেখিয়ে দিল, সুযোগ তৈরি নয়; কাজে লাগানোটাই আসল কথা।