আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচটা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলতে চায় ব্রাজিল

মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিল খেলবে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ কাতার বিশ্বকাপে দুই দলেরই জায়গা নিশ্চিত হয়ে গেছে বলে ম্যাচটা নিয়ে হয়তো বাড়তি মাতামাতি নেই। তবে ফুটবলপ্রেমী মাত্রই হয়তো ব্রাজিল–আর্জেন্টিনার একটা ম্যাচ স্থগিত হতে দেখায় হতাশ হয়েছেন। হতাশাটা কেটে যাওয়ার সম্ভাবনা জেগেছে গত মাসেই, যখন ফিফা জানিয়েছিল, গত সেপ্টেম্বরে সাও পাওলোতে স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা আবার আয়োজিত হবে আগামী জুনে।

কিন্তু সে ম্যাচ ঠিক কোন তারিখে কোথায় হবে, সেটি তো আর জানায়নি ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাকে সূত্র হিসেবে জানিয়ে স্প্যানিশ রেডিও কাদেনা সের বলছে, ম্যাচটি ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে আয়োজন করতে চায় ব্রাজিল।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার আর্জেন্টাইন খেলোয়াড় ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে করোনাসংক্রান্ত নিয়ম ভেঙেছেন—এ অজুহাতে গত সেপ্টেম্বরে মাঠে গড়ানো ম্যাচটির সপ্তম মিনিটে মাঠে ঢুকে পড়েন ব্রাজিলের স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান আনভিসার কর্মকর্তারা। এরপর ম্যাচটা স্থগিত হয়ে যায়।

সে ম্যাচের কী হবে, এ নিয়ে ধোঁয়াশার মধ্যে গত মাসে ফিফা জুনে ম্যাচটি হতে পারে বলে জানায়। কাদেনা সের এখন জানাচ্ছে আরও বিস্তারিত।

কাদেনা সেরের অনুষ্ঠান কারুসেল দেপোর্তিভোর নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে কাল টুইটে লেখা হলো, ‘আর্জেন্টিনার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি ওশেনিয়ায় খেলতে চায় ব্রাজিল। ফিফার সূত্র কাদেনা সেরের কাছে নিশ্চিত করেছে, ওরা (ব্রাজিল) অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলতে চায়।’

এর আগে গত সপ্তাহেই এই ম্যাচের দিন-তারিখ ঠিক না হওয়া নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন ব্রাজিল দলের ব্যবস্থাপক ও সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুনিনিও। ম্যাচটা নিয়ে ধোঁয়াশা ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে জানিয়ে জুনিনিও বলেছেন, ‘আশা করি, শিগগিরই একটা সমাধান পেয়ে যাব। কারণ, এটা আমাদের বিশ্বকাপ–প্রস্তুতি আরও কঠিন করে তুলছে।’

সে সময়ই অবশ্য জুনিনিও জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে প্রস্তুতির উপলক্ষে এমনিতেই একটা প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে সমঝোতা হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার।

সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে আনভিসার কর্মকর্তারা ঢুকে পড়লে ম্যাচ স্থগিত হয়ে যায়
ছবি: রয়টার্স

তবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও জুনে হলে সে ক্ষেত্রে তো বিশ্বকাপের আগে ব্রাজিল-আর্জেন্টিনার দুটি ম্যাচ খেলা হয়ে যাচ্ছে। জুনিনিও এ নিয়ে বলেছেন, ‘আমরা চাই যেকোনো একটা ম্যাচ খেলতে।’

গত সেপ্টেম্বরে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি মূলত স্থগিত হওয়ার পেছনে দায় প্রিমিয়ার লিগে খেলা চার আর্জেন্টাইনকে নিয়ে ভুল-বোঝাবুঝির। হয়তো ক্ষমতা দেখানোর একটা ইচ্ছাও ছিল! অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও প্লেমেকার এমিলিয়ানো বুয়েন্দিয়া আর টটেনহামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও সে সময়ে টটেনহামে খেলা (জানুয়ারিতে ধারে ভিয়ারিয়ালে গেছেন) মিডফিল্ডার জিওভান্নি লো সেলসোর ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে জটিলতা ছিল।

করোনা-রাজনীতির কৌশল হিসেবে তখন যুক্তরাজ্য থেকে ব্রাজিলে ঢোকায় কড়াকড়ি ছিল। আনভিসার অভিযোগ, ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে করোনাবিষয়ক তথ্য দেওয়ার বিষয়ে মিথ্যাচার করেছেন ওই চার ফুটবলার। কিন্তু সেটির শাস্তি দেওয়ার জন্য ব্রাজিলে তাঁরা দুই দিন থাকলেও ম্যাচের আগে এ নিয়ে কড়া কোনো পদক্ষেপ নেয়নি আনভিসা। ম্যাচের দিন এসে হঠাৎ ঢুকে পড়ে মাঠে।

গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজসহ চার আর্জেন্টাইন ফুটবলার ব্রাজিলে ঢোকার ক্ষেত্রে করোনাসংক্রান্ত বিধি মানেননি, এই অভিযোগেই ম্যাচে হস্তক্ষেপ করে আনভিসা
ছবি: রয়টার্স

ফিফা অবশ্য তদন্ত শেষে আর্জেন্টিনার চার ফুটবলারকে দুটি করে ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিজেড) ও আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জরিমানা করেছে ৫ লাখ সুইস ফ্রাঁ করে।

স্থগিত হয়ে যাওয়া সেই ম্যাচ যেখানেই হোক আর তাতে ফল যা-ই হোক, ব্রাজিল আর আর্জেন্টিনার বিশ্বকাপে যাওয়া না যাওয়ায় তাতে কোনো হেরফের হচ্ছে না। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে অন্য ৮ দল ১৬টি করে ম্যাচ খেললেও ব্রাজিল আর আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই ১টি করে ম্যাচ কম খেলেছে, তবু পয়েন্ট তালিকার শীর্ষে দুই দল। দুই দলই এখনো অপরাজিত। ব্রাজিলের পয়েন্ট ৩৯, আর্জেন্টিনার ৩৫।

এই মাসের শেষ দিকে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচে নামবে লাতিন দলগুলো। ব্রাজিলের ম্যাচ চিলি ও বলিভিয়ার বিপক্ষে, আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর।