আর্জেন্টিনার সতীর্থদের সঙ্গে জন্মদিন উদ্যাপন মেসির
২৪ জুন তারিখটি হয়তো লিওনেল মেসি–সমর্থকদের হৃদয়ে খোদাই করে রাখা। ৩৫ বছর আগে এই দিনেই যে পৃথিবী আলো করে এসেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গতকাল ছিল সেই বিশেষ দিন।
অনেকের চোখেই মেসি সময়ের সেরা ফুটবলার, ইতিহাসের সেরাও। ফুটবল খেলে পৃথিবীর মানুষকে এত আনন্দ আর খুব কম খেলোয়াড়ই দিতে পেরেছেন। তাঁর জন্মদিনের উদ্যাপন কতটা ধুমধাম করে হবে, তা সহজেই অনুমেয়।
সারা বিশ্বে ভক্তরা তাঁর জন্মদিন অনেকভাবে উদ্যাপন করেছেন। আর মেসি কী করেছেন? জন্মদিন উপলক্ষে পরিবার, কাছের বন্ধুদের পাশাপাশি জাতীয় দলের সতীর্থদের সঙ্গে কেক কেটেছেন মেসি।
কাল জন্মদিনের সে পার্টিতে উপস্থিত ছিলেন নিকোলাস ওতামেন্দি, জিওভানি লে সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, লাওতারো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, আনহেল কোরেয়া, রদ্রিগো দি পল, আনহেল দি মারিয়া ও আলেহান্দ্রো পাপু গোমেজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে সে আনন্দময় মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন দি মারিয়া, দি পলরা।