আর্জেন্টিনার সমস্যার নাম মেসি!

শাপের মধ্যে অনেক সময় বর মেলে। আবার বরের মধ্যেও তো থাকতে পারে অভিশাপ! এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়টিকে দলে কে না পেতে চায়? লিওনেল মেসি আর্জেন্টিনা দলের জন্য অবশ্যই সুবিশাল এক বর। কিন্তু মেসিকে কেন্দ্র করে দলকে গোছাতে গিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের কোচদের বারবার গলদঘর্ম হতে হচ্ছে। ঠিক কোন সমন্বয়ে খেলালে সেটি মেসি এবং আর্জেন্টিনা উভয়ের জন্যই ভালো হবে—সেই সূত্র যেন এখনো খুঁজে পাওয়া যায়নি।
বার্সেলোনার কোচ হিসেবে আসার পর যে সংকটের মধ্যে পড়েছিলেন, জেরার্ডো মার্টিনো সেই একই সংকটে পড়েছেন জাতীয় দলের দায়িত্ব নিয়ে। মার্টিনোর ফুটবল দর্শনের সঙ্গে কোথায় যেন ছন্দ মেলে না মেসির। মার্টিনোর এঁকে দেওয়া ছকে কোথায় যেন তাল হারিয়ে ফেলেন মেসি। আর তাই মেসিকে ছাড়াই যখন গত সেপ্টেম্বরে জার্মানির মুখোমুখি হলো আর্জেন্টিনা, কী অবিশ্বাস্যই না খেলল দলটি। বিশ্বকাপের মধুচন্দ্রিমা তখনো শেষ হয়নি জার্মানদের। অথচ ফাইনালে হেরে যাওয়ার নির্মম প্রতিশোধ আর্জেন্টিনা নিল জার্মানিকে জার্মানির মাঠেই ৪-২ গোলে হারিয়ে।
সেই ধাক্কা যেন এখনো সামলে উঠতে পারেননি জোয়াকিম লোর শিষ্যরা। আর্জেন্টিনা-লজ্জার শোকে মুহ্যমান বিশ্বচ্যাম্পিয়নরা এখনো খোঁড়াচ্ছে ইউরো বাছাই পর্বের সহজতম এক পথেই। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় আর্জেন্টিনার নেই। তারা তাকিয়ে আছে ২০১৮ বিশ্বকাপের দিকে। যে বিশ্বকাপ লক্ষ্য করে এখনই নতুন পথের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। যে বিশ্বকাপে ত্রিশের কোঠায় পা দিয়ে ফেলা মেসি দলের জন্য কতটা কী বয়ে আনতে পারবেন, সেই প্রশ্ন তো আছেই। একই সঙ্গে এই প্রশ্নও এখন উঠছে, মার্টিনো যে ছকে ফুটবল খেলান, সেখানে মেসি কি আসলেই বেমানান?
গত মৌসুমে মার্টিনোর অধীনে বার্সেলোনায় মেসি যেন নিজের ছায়া হয়ে ছিলেন। হ্যাঁ, গোলসংখ্যা তাঁর বেশ ভালোই ছিল গত মৌসুমেও। ইনজুরি সমস্যার কারণে পুরো মৌসুমে খেলতেও পারেননি। কিন্তু আগের টানা পাঁচটি মৌসুম মেসিকে যাঁরা ক্ষুধার্ত বাঘ হিসেবে আবিষ্কার করেছেন বারবার, তাঁদের চোখে গত মৌসুমের মেসি ছিলেন বড্ড ম্যাড়ম্যাড়ে। নিষ্প্রভ, অনুজ্জ্বল, উদ্যমহীন।
প্রশ্নটা আরও জোরালো হলো ব্রাজিল ম্যাচের পর। জার্মানির বিপক্ষে সেই আর্জেন্টিনা কোথায় হারিয়ে গেল? সেটা কি মেসি দলে ফিরলেন বলেই? মার্টিনোর কৌশলই হলো প্রতিপক্ষের ওপর ক্রমাগত চাপ তৈরি করে খেলা। এই দর্শনে মেসি খাপ খান না। এত দ্রুততম ফুটবলের বদলে মেসি বরং খেলাটা নিজেদের মধ্যে তৈরি করে নিয়ে আক্রমণে যেতে ভালোবাসেন। মেসিকে কেন্দ্র করে সবকিছু সাজাতে গিয়ে ব্যর্থ হওয়ার ভুল থেকে মার্টিনো শিখছেন বলেই মনে হচ্ছে। এখন মার্টিনো অবশ্যই সেই আর দশটা কোচের মতোই হবেন—সবার আগে দল।
আর এই দলের প্রয়োজনে মূল স্ট্রাইকার পজিশনে মেসির বিকল্প হিসেবে সার্জিও আগুয়েরোকে তৈরি করে নিতে চাইছেন মার্টিনো। মেসি যে তাঁর আদি উইং পজিশনে পুরো নিরাপদ, তাও কিন্তু নয়। অ্যাঙ্গেল ডি মারিয়া এক উইংয়ের রাজত্ব আপাতত দখল করে আছেন। নিকোলাস গাইতান আর এরিক লামেলার মতো উইঙ্গারকেও সুযোগ দেবেন মার্টিনো। মার্টিনো আলেসান্দ্রো সাবেলার মতো নন। তিনি ফুটবলের ‘বেসিক’ ভাঙতে বেশি উৎসাহ পান না। ফলে মেসি আর্জেন্টিনার জন্য আপাতত যেন একটা সমস্যারই নাম।
কিন্তু সমস্যার মধ্যেই আছে সমাধান। বার্সার নতুন কোচ লুইস এনরিকে যেন সেই সমাধানের মহৌষধ নিয়ে হাজির। যিনি ফলস নাইন পজিশন থেকে মেসিকে সরিয়ে ফেলেছেন। লুইস সুয়ারেজ ফিরলে মেসির ভূমিকাটা আরও বেশি হয়ে যাবে গোল করানোর দিকে। অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়। এরই মধ্যে এই মৌসুমে একের পর এক গোল মেসি বানিয়েও দিচ্ছেন। আর এতে হাসিটা চওড়া হচ্ছে মার্টিনোরই। আর্জেন্টিনা দলে মেসি নামের সমস্যাটার সমাধান যে এরই মধ্যেই!