আর্জেন্টিনার হাল বাউজার হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা
আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা

একটুর জন্য! এটাই যেন আর্জেন্টিনার ফুটবলের এখনকার হাহাকার। যে হাহাকারের সঙ্গে খুব ভালো করে পরিচয় আছে তাঁর। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালের শেষ বাঁশি বাজার পর ডিয়েগো ম্যারাডোনার বুকে হাহাকার তোলা সেই কান্নার ছবিটাই সবার মনে গেঁথে আছে। হয়তো আরও দু-একজন আর্জেন্টিনা খেলোয়াড়ের। সেই ফ্রেমে না-ও পাওয়া যেতে পারে এদগার্দো বাউজাকে। সেই বাউজার কাঁধেই এখন দায়িত্ব আর্জেন্টিনার কান্না মোছার।

১৯৯০ বিশ্বকাপের স্কোয়াডে থেকেও কোনো ম্যাচ খেলতে না-পারা এই ৫৮ বছর বয়সীকেই দেওয়া হলো জাতীয় দলের দায়িত্ব। সোমবার রাতে আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) নতুন কোচ হিসেবে নাম ঘোষণা করেছে বাউজার। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্ব শুরুর আগে দ্রুত আর্জেন্টিনা দলকে গুছিয়ে নেওয়াই হবে তাঁর চ্যালেঞ্জ। তবে এর আগে বাউজার কাজ হবে লিওনেল মেসির মন ফেরানো। গত কোপা আমেরিকার ফাইনালের পর যে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানিয়ে দিয়েছেন মেসি।

আর্জেন্টিনা অবশ্য কোচ হিসেবে চাইছিল সেভিয়ার হোর্হে সাম্পাওলি, অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে আর টটেনহামের মাউরিসিও পচেত্তিনোর মধ্যে যেকোনো একজনকে। সিমিওনে-পচেত্তিনোদের মতো পরিচিতি না থাকলেও বাউজা এমনিতে কিন্তু কোচ হিসেবে দুর্দান্ত। ২০০৮ ও ২০১৪ সালে দুটি রূপকথার জন্ম দিয়েছিলেন। দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট এই দুবারই এনে দিয়েছিলেন তুলনামূলক পিছিয়ে থাকা দুটি দলকে। ২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব কুইতোকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন। ২০১৪ সালে একই ট্রফি জেতান আর্জেন্টিনার সান লরেঞ্জোকে। দুটি ক্লাবের জন্যই সেটি ছিল কোপা লিবার্তাদোরেসের প্রথম শিরোপা। সর্বশেষ দায়িত্বে ছিলেন ব্রাজিলের সাও পাওলোর।

অন্য রকম মানুষ বাউজা। বইয়ের পোকা। নেলসন ম্যান্ডেলাকে মনে করেন গুরু। কোচ হিসেবে রক্ষণ আর আক্রমণের ভারসাম্যে বিশ্বাসী। খেলোয়াড়দের খাঁটিয়ে নিতে পছন্দ করেন। নিজেকে সব সময়ই সাধারণ মানের ফুটবলার ভেবে আসা এই বাউজার আছে সেই বিরল রেকর্ড, যা তাঁকে বসিয়েছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের পাশে। পেশাদার ফুটবলে ডিফেন্ডারদের সর্বোচ্চ গোলের তালিকায় ড্যানিয়েল প্যাসারেলা, বেকেনবাওয়ার, ফার্নান্দো হিয়েরোর পরেই আছেন তিনি। অবশ্য বাউজার এই রেকর্ডের বাকি তিন সঙ্গীর সঙ্গে একটা পার্থক্য আছে। ইউরোপে কখনোই খেলেননি। এমনকি কোচ হিসেবেও তাঁর বিচরণ ছিল দক্ষিণ আমেরিকার ফুটবলেই।

কিন্তু দৃশ্যত আর্জেন্টিনার সবচেয়ে কঠিন এই সময়ে যখন দেশের সেরা কোচদের কেউই খুশিমনে দায়িত্বটা নিতে রাজি হননি; ফিরিয়ে দিয়েছেন সিমিওনে-সাম্পাওলিরা; দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসিও যখন হাল ছেড়ে বসে আছেন; বাউজাই সঠিক নেতা, উত্তাল সাগরে পড়া জাহাজটার হাল ধরার জন্য।

আর্জেন্টিনার ফুটবলের নতুন দর্শন ঠিক করতে তিনি বেছে নিয়েছেন ম্যান্ডেলাকেই। বলেছেন, ‘ভুল মানুষের জীবনের খুবই স্বাভাবিক একটা অংশ। কিন্তু আসল ব্যাপারটি হলো আদর্শের জন্য লড়াই করা, যেটা আমাদের আরও শক্তিশালী করে। এর থেকে সরে আসা আমাদের ঠিক হবে না।’

শেষ কথাটা হয়তো মেসির উদ্দেশেই বলা! তথ্যসূত্র: গোল