আর্জেন্টিনায় জায়ান্টদের লড়াইয়ে জয় রিভার প্লেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করে রিভার প্লেটের কলম্বিয়ান স্ট্রাইকার রাফায়েল সান্তোস বোরের উল্লাস। ছবি : এএফপি
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোল করে রিভার প্লেটের কলম্বিয়ান স্ট্রাইকার রাফায়েল সান্তোস বোরের উল্লাস। ছবি : এএফপি
>দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা হওয়ার লড়াই কোপা লিবের্তাদোরেসের এবারের আসরে সেমিতে মুখোমুখি হয়েছে দুই আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। গতবার যারা ফাইনাল খেলেছিল। রিভার প্লেটের মাঠে প্রথম লেগে অন্তত গত ফাইনাল হারের যন্ত্রণাটা জুড়াতে পারল না বোকা জুনিয়র্স । চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে তারা।

ফুটবলের চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বৈরথ কোনটি?

অধিকাংশ ফুটবলপ্রেমী হয়তো বলবেন রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচের কথা। কেউ কেউ ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল, এসি মিলান-ইন্টার মিলান, চেলসি-আর্সেনাল, লিভারপুল-চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল, ইন্টার মিলান-জুভেন্টাস, রোমা-লাৎসিও এসব ম্যাচের কথাও আসতে পারে আলোচনায়। এমনকি আমাদের দেশের আবাহনীও-মোহামেডান ম্যাচেরও আগে জৌলুশ ছিল আলাদা, মানুষের মধ্যে এই দুই দল নিয়ে তর্কাতর্কিও হতো প্রচণ্ড। গোটা দেশ ভাগ হয়ে যেত দুই ভাগে। তবে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল যারা অনুসরণ করেন, তারা জানেন মেসিদের দেশের দুই ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের সমর্থকদের মধ্যে যে ধরনের বিদ্বেষ কাজ করে, তেমনটা আর কোথাও তেমন দেখা যায় না। বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা-উন্মাদনা, বোকা জুনিয়র্স-রিভার প্লেট ম্যাচ মানেই মারামারি, সংঘর্ষ— সে কারণেই এ দ্বৈরথের নাম দেওয়া হয়েছে ‘সুপার ক্লাসিকো’। গত বছর আর্জেন্টিনা ছাড়িয়ে এই দ্বৈরথের উত্তাপ টের পেয়েছিল গোটা বিশ্ব, দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা হওয়ার লড়াই কোপা লিবের্তাদোরেসের ফাইনালে উঠেছিল ক্লাব দুটি। সেবার শেষ হাসি হেসেছিল রিভার প্লেট। এবার সেমিতেই মুখোমুখি দুই ক্লাব। সেমির প্রথম লেগে গত ফাইনাল হারের প্রতিশোধ নিতে পারেনি বোকা। রিভার প্লেটের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে তারা।

ম্যাচের আড়াই মিনিটেই ডি-বক্সে বাজে এক ট্যাকল করে রিভার প্লেটের কলম্বিয়ান স্ট্রাইকার রাফায়েল বোরেকে ফেলে দেন বোকা জুনিয়র্সের অধিনায়ক কার্লোস ইজকের্দোস। সে ফাউল নিয়ে দুই পক্ষের ঝামেলা চলে আরও পাঁচ মিনিট। সাত মিনিটের মাথায় সেই ফাউলের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে রিভার প্লেটকে পেনাল্টি দেন রেফারি। গোল করতে ভুল হয়নি রাফায়েল বোরের।

প্রতিপক্ষের মাঠে তেমন আক্রমণাত্মক খেলতে পারেনি বোকা জুনিয়র্স। দলে নতুন আসা দুই তারকা ইতালিয়ান কিংবদন্তি ড্যানিয়েলে ডি রসি ও আর্জেন্টাইন উইঙ্গার এদুয়ার্দো সালভিওকে মূল একাদশে রাখেননি বোকার নতুন কোচ গুস্তাভো আলফারো। ছিলেন না আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজও। অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, নিকোলাস কাপালদো ও ইভান মার্কোনের মতো তরুণ তারকারা বোকাকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। এর মধ্যে প্রথমার্ধে সহজ একটা সুযোগ নষ্ট করেন বোকার আক্রমণাত্মক মিডফিল্ডার কাপালদো। সহজ গোলটা হয়ে গেলে সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করতে পারত বোকা জুনিয়র্স।

ওদিকে রিভার প্লেট নিজেদের মাঠে প্রথম থেকেই কর্তৃত্ব দেখিয়েছে। প্রথমার্ধেই স্ট্রাইকার রাফায়েল বোরে আরেকটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু বোকার গোলরক্ষক এস্তেবান আনদ্রাদার কল্যাণে সে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েলের একটি ক্রস উড়তে উড়তে বোকার গোলপোস্টে লাগে। শেষমেশ ৭০ মিনিটে উইঙ্গার মাতিয়াস সুয়ারেজের একটা ক্রস পায়ে লাগিয়ে গোল করেন রিভার প্লেটের মিডফিল্ডার ইগনাসিও ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে সালভিও, তেভেজরা নেমেও বোকার হয়ে গোল করতে পারেননি। গত কয়েক বছরে রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দো দলটিকে কি দুর্দান্ত বানিয়েছেন, গোটা ম্যাচেই বোঝা গেছে সেটা। দেখিয়েছেন, এমনি এমনিই আর্জেন্টিনার সমর্থকেরা তাঁকে জাতীয় দলের ভবিষ্যৎ কোচ হিসেবে চান না!

ম্যাচটা ছিল দুই দলের দুই গোলরক্ষকের একটা অঘোষিত লড়াইও। বোকার এস্তেবান আনদ্রাদা আর রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি, আর্জেন্টিনার জাতীয় দলের মূল গোলরক্ষকের জায়গাটা নিয়ে গত এক বছর ধরেই লড়ছেন দুজন। এই ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে দুজনই তাদের জাত চিনিয়েছেন। তবে শেষ হাসিটা হেসেছেন আরমানিই।

সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ২২ তারিখে, বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বানেরায়।