আর্জেন্টিনায় মেসির জন্য মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিরঝিরে বৃষ্টি, কনকনে বাতাস—সবকিছু উপেক্ষা করে ওবেলিসকো মনুমেন্ট প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন কয়েক হাজার আর্জেন্টাইন। তাঁদের একটাই দাবি—ফিরে এসো মেসি! l এএফপি
ঝিরঝিরে বৃষ্টি, কনকনে বাতাস—সবকিছু উপেক্ষা করে ওবেলিসকো মনুমেন্ট প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন কয়েক হাজার আর্জেন্টাইন। তাঁদের একটাই দাবি—ফিরে এসো মেসি! l এএফপি

লিওনেল মেসির অকাল–অবসর ঘোষণা কিছুতেই মেনে নিতে পারছেন না আর্জেন্টাইনরা। মেসির এই সিদ্ধান্ত যেন আর্জেন্টিনার মানুষের কাছে প্রিয়জনের চলে যাওয়ার মতো। কিন্তু প্রিয়জনকে ছাড়া নিজেদের ভবিষ্যৎ ভাবতেই পারছেন না তাঁরা। বুয়েনস এইরেসের কেন্দ্রে অবস্থিত ওবেলিসকো মনুমেন্ট প্রাঙ্গণে পরশু কয়েক হাজার আর্জেন্টাইন জড়ো হয়েছিলেন মেসিকে ফেরার আহ্বান জানাতে। ঝিরিঝিরি বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে তাঁরা স্লোগানে স্লোগানে কাঁপিয়ে দিলেন চারপাশ। তাঁদের দাবি, ফিরে আসতে হবে মেসিকে, ফিরিয়ে আনা হোক মেসিকে।
শতবর্ষী কোপার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হতাশ-বিধ্বস্ত মেসি আন্তর্জাতিক ফুটবলকে ‘বিদায়’ বলে দেন। আকস্মিক এ ঘোষণাটা স্তম্ভিত করে দেয় গোটা ফুটবল-বিশ্বকেই। আর্জেন্টিনা তো হয়ে যায় ‘শোকস্তব্ধ’। দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে সাবেক ফুটবলার—প্রায় সবাই মেসিকে সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মত বদলাতে অনুরোধ করেছেন মেসিকে। ব্রাজিল কিংবদন্তি পেলেও চান ফিরে আসুন মেসি। তবে এত মানুষের অনুরোধ-আহ্বানের পর এই প্রথম আর্জেন্টিনার মানুষ জোট বেঁধে নামলেন বুয়েনস এইরেসের রাস্তায়।
মেসিকে ফেরার আহ্বান নিয়ে মিছিলে নামা জনতার একজন সান্তিয়াগো বোরদারো। মেসিতে আচ্ছন্ন তিনি, ‘মেসিদের জন্ম হয় প্রতি ৫০০ বছরে একবার। আমরা তার খেলা উপভোগ করি। আমরা সৌভাগ্যবান যে মেসির মতো খেলোয়াড়ের আবির্ভাব আমাদের সময়ে।’
হুয়ান আলবার্তো সালাস নামের আরেক ভক্তের কথা, ‘আমি আবেগময় হলে ক্ষমা চাই। কিন্তু মেসিকে ফিরতেই হবে—এটাই আমি বিশ্বাস করি, উপলব্ধি করি। সে সত্যিই ভিন্ন কিছু।’
বুয়েনস এইরেসের কেন্দ্রস্থলে অবস্থিত ওবেলিসকো মনুমেন্টকে কেন্দ্র করে ভক্তরা মেসিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, তখন ফুটবলের এই মহাতারকার ছুটি কাটাতে বাহামায় থাকার কথা। কোপার ফাইনালের পর গণমাধ্যমের কাছে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এ ব্যাপারে আর কোনো কথাই বলেননি মেসি।
তবে আর্জেন্টাইনদের প্রার্থনা এখন একটাই, তাড়াতাড়ি ফেরার ঘোষণাটা দিয়ে দিন মেসি। সূত্র: রয়টার্স।