আর্জেন্টিনায় মেসির ভাস্কর্য ভাঙচুর

লিওনেল মেসির ওপর কার এত রাগ? আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে দুই টুকরো করা হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভাস্কর্য।
কিছুদিন আগেই মেসির ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন বুয়েনস এইরেসের মেয়র হোরাসিও রদ্রিগেজ লারেত্তা। আর্জেন্টাইন অধিনায়ককে সম্মান জানানোর বিষয়টি তো ছিলই, জুনের কোপা আমেরিকা ফাইনালে হেরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত বদলে মেসিকে উদ্বুদ্ধ করাও ছিল আরেকটি কারণ।
রিও ডি লা প্লাতা নদীর তীরে গ্লোরি ওয়াকওয়েতে বসানো হয় মেসির ভাস্কর্যটি। গ্লোরি ওয়াকওয়ে জায়গাটা পরিচিত আর্জেন্টিনার ক্রীড়াবিদদের ভাস্কর্যের জন্য। শুধু মেসি নন, আর্জেন্টিনার ইতিহাসের সেরা ক্রীড়াবিদের ভাস্কর্যও আছে সেখানে।
সোমবার মেসির ভাস্কর্যটির ওপরের অংশ ভেঙে তা গায়েব করে দেওয়া হয়। অবশ্য এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বুয়েনেস এইরেস সিটি কর্তৃপক্ষ। তারা দ্রুতই ভাস্কর্যটি নতুন করে স্থাপনের কথা জানিয়েছে। সূত্র: গোল ডটকম।