আর্জেন্টিনায় সাবেলা-যুগের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আলেসান্দ্রো সাবেলা
আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আলেসান্দ্রো সাবেলা

কোচ হিসেবে খুব একটা অভিজ্ঞ নন আলেসান্দ্রো সাবেলা। ২০০৯ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়েন্তেসের হয়ে। ২০১১ সালে দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের। তাঁর হাত ধরেই দুই যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। চাইলে হয়তো আরও কিছুদিন থাকতে পারতেন মেসি-মাচেরানোদের কোচ হিসেবে। কিন্তু তেমনটা না করে সরেই দাঁড়ালেন সাবেলা। আর্জেন্টাইন ফুটবলে অবসান হলো সাবেলা-যুগের।
২০১১ সালে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পর বেশ ভালোই প্রশংসা কুড়িয়েছেন সাবেলা। শীর্ষস্থান দখল করেই বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছিল আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বেও ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারের আগে সবগুলো ম্যাচেই জয় পেয়েছিলেন সাবেলার শিষ্যরা।
সাবেলার পর আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছে জেরার্ডো মার্টিনো ও হোসে পেকারম্যানের নাম। দুজনেই কাজ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে।
ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে মার্টিনো পালন করেছেন বার্সেলোনার কোচের দায়িত্ব। এর আগে মার্টিনোর তত্ত্বাবধানে ২০১১ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল প্যারাগুয়ে। ২০১০ বিশ্বকাপে প্রথমবারের মতো গিয়েছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।

অন্যদিকে পেকারম্যান এর আগেও পালন করেছেন অর্জেন্টিনার কোচের দায়িত্ব। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে মেসির অভিষেক হয়েছিল পেকারম্যানের হাত ধরে। ২০০৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন পেকারম্যান।— রয়টার্স