আর্তের সাহায্যে বাংলাদেশের ফুটবলাররা

৬ আগস্ট ইন্দোনেশিয়ায় পর্যটন দ্বীপ লমবকে আঘাত হানে শক্তিশালী এক ভূমিকম্প। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬ দশমিক ৯। এ ভূমিকম্পে নিহত হয়েছে প্রায় শতাধিক মানুষ, হতাহতের সংখ্যাও অনেক। স্বাভাবিকভাবে সেই অঞ্চল জুড়ে এখন চলছে হাহাকার। লমবকের ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে এশিয়াডে অংশ নেওয়া বাংলাদেশ ফুটবল দল।
ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দল যে হোটেলে উঠেছে, তার পাশেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে গিয়েই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ফুটবলাররা। নিজেদের দৈনিক ভাতার একটি অংশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু, ‘ফুটবলারদের জন্য দৈনিক যে ভাতা বরাদ্দ আছে। সেখান থেকে একটি অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য দেওয়া হয়েছে।’
গতকাল এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হেরে মিশন শুরু করেছে জামাল ভূঁইয়াদের দল আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।