আর্সেনাল ও চেলসির হার
হতে পারে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়ের ব্যাপারটা গৌণ। কিন্তু একটা দল আগের ম্যাচে ৫-১ গোলে জেতার পরের ম্যাচেই হেরে গেলে প্রশ্ন ওঠেই। পরশু মোনাকোর কাছে ১-০ গোলের হারের পর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও তাই অকপটে স্বীকার করলেন, তাঁর দল পুরোপুরি প্রস্তুত নয়। তাঁর চোখে দলের পারফরম্যান্স ছিল জড়তাগ্রস্ত।
পরশু হেরেছে আর্সেনালের লিগ প্রতিদ্বন্দ্বী চেলসিও। ভের্ডার ব্রেমেনের মাঠে গিয়ে ৩-০ গোলের হারটা প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে চেলসির প্রথম হার।
এমিরেটসে আর্সেনালের বিপক্ষে মোনাকোর জয়টা রাদামেল ফ্যালকাওয়ের একমাত্র গোলে। দীর্ঘ চোট-সংগ্রামের পর কলম্বিয়ান স্ট্রাইকারের প্রত্যাবর্তন হয়েছে আগের ম্যাচেই। পরশু প্রথম শুরুর একাদশে নেমেই পেয়েছেন গোল। আগামী রোববারই লরেন্তের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মোনাকোর লিগ মিশন। তার আগে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেদের শেষ ম্যাচে জিতে ফরাসি ক্লাবটির কোচ লিওনার্দো জার্দিম খুশি। ফ্যালকাওয়ের প্রশংসায় পঞ্চমুখ।
তবে কলম্বিয়ার স্ট্রাইকারকে ‘অপরিহার্য’ বলে ফরাসি ক্লাবটির পর্তুগিজ কোচ ফ্যালকাওয়ের ক্লাব ছাড়ার গুঞ্জনটাকেও আরও উসকে দিয়েছেন। ফ্যালকাও মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন বলেই গুঞ্জন। জার্দিমও দিলেন সেই আভাস, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। বিশেষ করে দলবদলের ক্ষেত্রে। তবে আমরা অবশ্যই ওকে ধরে রাখতে চাইব।’
বিশ্বকাপজয়ী জার্মানির তিন সদস্য মেসুত ওজিল, পার মার্টেসেকার ও লুকাস পোডলস্কিকে এখনো মাঠে নামাননি ওয়েঙ্গার। তবে শনিবার বেনফিকার সঙ্গে চার গোল করা ফরাসি স্ট্রাইকার ইয়াইয়া সানোগোকে বসিয়ে রেখে ওয়েঙ্গার অলিভিয়ের জিরু ও চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজকে খেলিয়েছেন শুরুর একাদশে। চিলিয়ান তারকা ফ্যালকাওয়ের ছায়ায় ঢাকা পড়লেও ওয়েঙ্গার নতুন শিষ্যের পারফরম্যান্সে খুশি। ওয়েঙ্গার উচ্ছ্বসিত দলের নতুন খেলোয়াড় ১৯ বছর বয়সী ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের পারফরম্যান্সেও। জড়তা থাকার কথা স্বীকার করলেও আর্সেনাল কোচ দলের পারফরম্যান্সে উদ্বিগ্ন নন, ‘আমি উদ্বিগ্ন নই, কারণ এটা প্রাক-মৌসুম।’ আর্সেনালের লিগ অভিযান শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট, নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচ দিয়ে। ওয়েঙ্গারের বিশ্বাস, তার আগেই শারীরিক জড়তা কাটিয়ে উঠবেন তাঁর খেলোয়াড়েরা। যদিও মৌসুমে তাদের প্রথম পরীক্ষা আগামী রোববারই। ওয়েম্বলিতে কমিউনিটি শিল্ডের ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির। এ ম্যাচের জন্য আর্সেনাল তৈরি কি না—এমন প্রশ্নের জবাবে ওয়েঙ্গারের উত্তর, ‘আমরা তৈরি থাকব এবং ম্যান সিটিও তৈরি থাকবে।’
আগের পাঁচ ম্যাচের চারটিতেই জয়, একটিতে ড্র—উজ্জীবিত হয়েই জার্মানি গিয়েছিল চেলসি। ব্রেমেনের ম্যাচটা দিয়েই চেলসিতে অভিষেক হয়েছে গোলরক্ষক থিবো কোর্তোয়ার। তবে অভিষেকেই বেলজিয়ান গোলরক্ষক খেয়েছেন দুই গোল। যার প্রথমটি পেনাল্টি থেকে। শেষ দিকে ব্রেমেনের তৃতীয় গোলটিও পেনাল্টি থেকে। তবে চেলসির গোলপোস্টে তখন কোর্তোয়ার জায়গায় পিওতর চেক। ২০১২ সালের পর চেলসির জার্সি গায়ে প্রথম ম্যাচটি খেললেন দিদিয়ের দ্রগবাও। নেমেছেন ডিয়েগো কস্তার বদলি হিসেবে, আইভরিয়ান তারকা দলকে উদ্ধার করবেন কী করে, আগেই যে দল খেয়ে বসেছে দুই গোল। উল্টো শেষ দিকে আরেকটি গোল খেতে দেখেছেন। ম্যাচ শেষে মরিনহো ধুয়ে দিয়েছেন রেফারিকে, ‘আমরা এখানে এসেছিলাম এবং রেফারি মনে করেছিলেন ব্রেমেন সমর্থকদের মজা দেওয়ার জন্য এটা একটা সার্কাস। তিনিই ম্যাচটা শেষ করে দিয়েছেন।’ এএফপি।