রবার্ট পিরেস ম্যাচের গুরুত্ব ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আর্সেনালের জন্য শেষ সুযোগ, আর প্রিমিয়ার লিগের জন্য এটা ফাইনাল!’
লিগের ২৩টি ম্যাচ গেছে। এখনো প্রতিটি দলের ১৫টি করে ম্যাচ বাকি। তবু আজ স্টামফোর্ড ব্রিজে চেলসি-আর্সেনাল ম্যাচ পাচ্ছে ফাইনালের মর্যাদা! পাওয়ারই কথা। ফুটবলে সবকিছুই অনিশ্চিত, তা মাথায় রেখেও বলা যায়, আজ চেলসি জিতলে শিরোপাটা এবার স্টামফোর্ড ব্রিজেই যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
স্পেনে যেটি হতে পারে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, যদি আজ বার্সেলোনা না জেতে। লিগে আগের ম্যাচে রিয়াল বেটিসের সঙ্গে দুর্ভাগ্যের শিকার হয়ে ড্র করেছেন মেসি-নেইমাররা। সেই সুযোগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেই এগিয়ে গেছে ৪ পয়েন্টে। আজ বার্সেলোনাও তাই ঘরের মাঠে ‘ফাইনাল’ই খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে।
বিলবাও এই মুহূর্তে আছেও দুর্দান্ত ফর্মে। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত, কোপা ডেল রেতে কিছুদিন আগে বার্সাকে তারা হারিয়েছে নিজেদের মাঠে (যদিও ঘরের মাঠের দ্বিতীয় লেগে জিতে সেমিফাইনালে ওঠে বার্সা)। আর ম্যাচের আগে বার্সার জন্য সুখবর, দুদিন হলো চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
আর্সেনালের জন্য ‘দুঃসংবাদ’ হতে পারে অতীত ইতিহাস। ইংল্যান্ড সময় শনিবার দুপুরে লিগে সেরা ছয়ে থাকা কোনো দলের সঙ্গে ম্যাচ হলেই যেন ‘ভাতঘুমে’ পেয়ে বসে আর্সেনালকে। ২০১৩-১৪ মৌসুম থেকে লিগে সেরা ছয়ে থাকা দলগুলোর সঙ্গে নয়বার শনিবার দুপুরে খেলেছে গানাররা, তাতে জয় একটি, হার পাঁচটি! আজ আর্সেনাল ‘জেগে’ থাকবে?
পিরেস নিশ্চিতভাবেই সেটি চাইবেন। আর্সেনালেরই কিংবদন্তি হিসেবে সাবেক ফ্রেঞ্চ মিডফিল্ডারের তা চাওয়ারই কথা। তবে শুধু পিরেসই নন, প্রিমিয়ার লিগে সেরা ছয়ে থাকা অন্য দলগুলোও বোধ হয় এই সপ্তাহে নিজেদের জয়ের পাশাপাশি এই একটা প্রার্থনাই করবে—আর্সেনাল জিতুক!
এমনই একাধিপত্য চেলসির। ২৩ ম্যাচ শেষেই দুইয়ে থাকা টটেনহামের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে চেলসি! পিরেস তো আর এমনি এমনি বলেননি, ‘যদি চেলসি এই ম্যাচে আর্সেনালকে হারায়, তাহলে আমার মনে হয় প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাবে।’
সেপ্টেম্বরে আর্সেনালেরই মাঠে ৩-০ গোলে হারের পর জেগে ওঠে চেলসি। টানা ১৩ ম্যাচে জেতেন হ্যাজার্ড-কস্তারা, সর্বশেষ ১৭ ম্যাচে হার মাত্র একটি। তবু এমিরেটসে ওই হারের কথা ভোলেননি কন্তে, ‘ভুলে যাবেন না, ওদের মাঠে আমরা ৩-০ গোলে হেরেছিলাম।’
আজ প্রতিশোধ নিতে পারলে শিরোপাটাকেও উপহার হিসেবে পাওয়ার প্রস্তুতি শুরু করে দিতে পারবেন কন্তে। এএফপি।