আর্সেনাল জিতলেই ৩ হাজার গাছ লাগাবেন বেয়েরিন

>এবারের মৌসুমে বাকি সময়টায় আর্সেনাল কোনো ম্যাচ জিতলেই ৩ হাজার গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্প্যানিশ রাইটব্যাক হেক্টর বেয়েরিন
অবশেষে আজ ফুটবল ফিরছে ইংল্যান্ডে। তিন মাসেরও বেশি বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনই বড় ম্যাচ, যে ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি আর্সেনাল। এবারের লিগে অবশ্য পয়েন্ট তালিকায় চোখ রাখলে আর্সেনালকে বড় দল মনে নাও হতে পারে। ২০ দলের লিগে মিকেল আর্তেতার দল আছে নবম স্থানে। সেই দলের রাইটব্যাক হেক্টর বেয়েরিন অসাধারণ এক প্রতিজ্ঞা করেছেন লিগ আবার শুরুর আগে। স্প্যানিশ এই খেলোয়াড় ওয়ান ট্রি প্লান্টেড নামের একটি বৈশ্বিক দাতব্য সংস্থাকে প্রতিশ্রুতি দিয়েছেন মৌসুমে বাকি সময়টায় আর্সেনালের প্রতিটি জয়ে ৩ হাজার গাছ লাগানোর।
বেয়েরিন কতটি গাছ লাগাতে পারবেন কে জানে! লিগে দলটির ম্যাচ বাকি ১০টি। প্রথম ২৮ ম্যাচে মাত্র ৯টি জয় পাওয়া গানাররা সব ম্যাচ জিতবে এমন আশা দলটির পাঁড় সমর্থকও করেন কিনা সন্দেহ। তবে বেয়েরিনের মহৎ এই উদ্যোগে গানাররা অনুপ্রেরণা হিসেবে নিতেই পারে। ফিকে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের স্বপ্নে রং লাগাতে যে বেশি বেশি ম্যাচ জেতা ছাড়া উপায় নেই উত্তর লন্ডনের ক্লাবটির।
পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই আর্সেনালে খেলা বেয়েরিন ওয়ান ট্রি প্লান্টেডের ওয়েবসাইটকে গাছ লাগানোর প্রতিশ্রুতির পেছনের গল্প বলেছেন, ‘আমার ছেলেবেলা কেটেছে বার্সেলোনায়। সে সময়ে দাদার সঙ্গে তাঁর বাগানে প্রচুর গাছ লাগিয়েছি। আশপাশের বনজঙ্গলেও খেলে বেড়াতাম। তাই এই ব্যাপারটা (গাছ) আমার হৃদয়ে গেঁথে আছে। যখন আমি দেখলাম ওয়ান ট্রি প্লান্টেড গাছ লাগানো ছাড়াও সমাজের জন্য আরও অনেক অসাধারণ কাজ করছে মনে হলো এদের সঙ্গে কাজ করা যায়।’
২৫ বছর বয়সী বেয়েরিন আশা করছেন তাঁর কাজ দেখে অন্যরাও এগিয়ে আসবেন গাছ লাগাতে, ‘আমি আশা করছি আমার (ফুটবল) মঞ্চ ব্যবহার করে যদি কাজটা করতে পারি অন্যরাও বুঝবে পৃথিবীর যত্ন নেওয়া নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাঁর হয়তো সাহায্যে নিয়েও এগিয়ে আসবে। আর যে সাহায্যের ফল আমরা সবাই ভোগ করব।’
বেয়েরিনের প্রতিশ্রুতিতে অনুপ্রাণিত হয়ে আজ সিটির বিপক্ষে গানাররা ‘সবুজ’ এক জয় পাবে কি?