প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত উসাইন বোল্টই কিনা গায়ে চাপালেন আর্সেনালের জার্সি! না, ইউনাইটেডের ভক্তরা হতাশ হবেন না। মতলববাজ রাজনীতিবিদদের মতো মোটেই দল বদলাননি বিশ্বের দ্রুততম মানব। কাল ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বোল্ট আর্সেনালের জার্সি গায়ে হাজির হয়েছিলেন বাজিতে হেরে। গত রোববার আর্সেন ওয়েঙ্গারের দলের কাছে ৩-০ গোলে হারার পর মেক্সিকান টিভি উপস্থাপিকা প্যাটি লোপেজ দে লা সেরদার সঙ্গে ভিডিওবন্দী হয়েছিলেন ২৯ বছর বয়সী জ্যামাইকান। এই প্যাটির কাছেই বাজিতে হেরেছেন। মজার ব্যাপার হলো, দুজনের পরা জার্সির পেছনে বোল্টের নাম তো লেখা ছিলই, নম্বরের জায়গায় ছিল সেই অবিস্মরণীয় ৯.৫৮ সংখ্যাটি। শুধু জার্সি পরেই বাজিটির রফা হয়ে যায়নি, গাঁটের পয়সাও খসেছে বোল্টের। অঙ্কটা কত সেটা অবশ্য জানাননি দুজনের কেউই। ডেইলি মেইল।