আর্সেনালে যেতে চেয়েছিলেন মেসি!

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির নতুন চুক্তির আগে নাটকীয়তা কম হয়নি। একদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে অনড় মেসির বার্সেলোনার প্রস্তাব বারবার ফিরিয়ে দেওয়া, অন্যদিকে অন্য ক্লাবগুলোর টাকার বস্তা নিয়ে পিছু নেওয়া—দুইয়ে মিলে মেসি বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। ম্যানচেস্টার সিটির নামই শোনাচ্ছিল বেশি। গুঞ্জন ছিল ফরাসি ক্লাব পিএসজিকে জড়িয়েও। কিন্তু সিটি কিংবা পিএসজি নয়, মেসি আসলে যেতে চেয়েছিলেন আর্সেনালে! মেসি নাকি তাঁর এজেন্টকে বলেও দিয়েছিলেন আর্সেনালের সঙ্গে যোগাযোগ করতে।
শেষ পর্যন্ত অবশ্য মেসির চাওয়া পূরণ হয়নি। নতুন চুক্তি করে থেকে গেছেন বার্সেলোনাতেই। যে চুক্তি তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় বানিয়েছে বলে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার আগে মেসি প্রথমে সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাসের সঙ্গে আর্সেনালে যাওয়া নিয়ে কথা বলেন। ফ্যাব্রিগাস অনেক দিন খেলেছেন আর্সেনালে। তাই তাঁর কাছ থেকে লন্ডনের ক্লাবটি সম্পর্কে ধারণা নেওয়ার পরই নাকি মেসি তাঁর এজেন্টকে আর্সেনালের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। এত দিন পর সেই খবরটি দিয়েছে স্প্যানিশ পত্রিকা ভোজপোপুলি। আলেক্সিস সানচেজ বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যাচ্ছেন, এই খবরও প্রথমে দিয়েছিল এই পত্রিকাটিই।
আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারে ভীষণ গুণমুগ্ধ মেসি। আর্সেনালের ফরাসি কোচের কোচিং দর্শন তো বটেই, মানুষ ওয়েঙ্গারকেও মেসির খুব পছন্দ। বার্সা ছেড়ে তাই প্রিয় সেই কোচের ছায়াতলেই যেতে চেয়েছিলেন। যদিও আর্থিক শর্ত পূরণ করে আর্সেনাল মেসিকে নিতে পারত কি না সেটা একটা প্রশ্ন। বার্সেলোনা তাদের সোনার ডিমপাড়া হাঁসের ওপর ঝুলিয়ে রেখেছে ৯ কোটি ৭০ লাখ পাউন্ডের বাই-আউট ক্লজ। অন্য যে ক্লাবই তাঁকে নিতে চাক, তাদের প্রথমে বার্সার ওই টাকা পরিশোধ করে বসতে হবে আলোচনায়। তা ছাড়া মেসিও নাকি সপ্তাহে বেতন চেয়েছিলেন তিন লাখ পাউন্ড।
এবারই শুধু নয়, মেসির আর্সেনালে যাওয়ার সুযোগ ছিল সেই ছোট্ট বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়ার আগেও। কিন্তু ভাগ্য তাঁকে আর্সেনালের পথ ঘুরিয়ে নিয়ে আসে বার্সেলোনায়। এবারও আর্সেনালে যাওয়া হলো না মেসির। শুধু মেসিই নন, আর্সেনালে ফিরতে চেয়েছিলেন ফ্যাব্রিগাসও। কিন্তু ওয়েঙ্গার সাবেক শিষ্যের ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত ফ্যাব্রিগাস পাড়ি জমিয়েছেন আর্সেনালের প্রতিদ্বন্দ্বী চেলসিতে।
মেসি-ফ্যাব্রিগাসের আর্সেনালে যাওয়া হয়নি। ইকার ক্যাসিয়াসেরও কি শেষ পর্যন্ত আর্সেনালে যাওয়ার ইচ্ছাটা পূরণ হবে না? রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা ছিন্ন করে ক্যাসিয়াসও আর্সেনালে যেতে চান বলেই খবর। এক্সপ্রেস ইউকে।