আর্সেনালের ‘আউট ল’কে কিনবে বার্সেলোনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনা বিমানবন্দরে নেমে গাড়িতে অবামেয়াং
ছবি: টুইটার

বার্সেলোনা বিমানবন্দরে তাঁর অপেক্ষায়ই ছিলেন সংবাদকর্মীরা। ক্যাপ, রোদচশমা ও জ্যাকেট পরিহিত পিয়েরে–এমেরিক অবামেয়াং বিমানবন্দরের গেট দিয়ে বের হতেই তাঁকে ছেঁকে ধরলেন সবাই।

এখনো কাগজে-কলমের জটিলতা শেষ হয়নি, তাই সব প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তবে সংবাদকর্মীদের আগ্রহের কমতি ছিল না।

আর্সেনালে ‘আউট ল’ হয়ে পড়া অবা বার্সেলোনায় এসেছেন—এই খবরের অর্থ হলো, শিগগিরই তাঁকে দেখার সম্ভাবনা আছে কাতালান ক্লাবটির জার্সিতে।

মধ্যবর্তী দলবদলের আজই শেষ দিন। বার্সেলোনায় এসেছেন গ্যাবন স্ট্রাইকার। সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মৌসুমের শেষ পর্যন্ত তাঁকে ধারে খেলাতে চায় বার্সা। আর্সেনাল এই ধারের কোনো ফি নিচ্ছে না।

আর্থিকভাবে ভোগা বার্সেলোনা অবামেয়াংকে কীভাবে দলে টানছে, এ নিয়ে দুটি মত পাওয়া যাচ্ছে। একভাগ বলছে, নিজ ক্লাবে গুরুত্ব হারানোয় দলে জায়গা মিলছে না, ওদিকে বার্সেলোনার মতো ক্লাবের ডাক শুনছেন; এই খুশিতে নাকি প্রায় বিনা বেতনেই খেলতেই রাজি হয়েছেন অবামেয়াং।

লা লিগার নিয়মানুযায়ী যতটুকু বেতন না নিলেই নয়, সেটাই শুধু নেবেন। ওদিকে আরেক সূত্র বলছে, অবার সাপ্তাহিক বেতন সাড়ে তিন লাখ পাউন্ডের সিংহভাগ টানতে হবে বার্সাকে—এই শর্তে রাজি হয়েছে আর্সেনাল। সে ক্ষেত্রে বার্সাকে বর্তমান স্কোয়াড থেকে কাউকে ছেড়ে দিতে হবে। এখনো আর্সেনাল স্ট্রাইকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেনি বার্সেলোনা।

সংবাদমাধ্যমের ভাষ্য, বার্সা রাজি হলে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি সই হয়ে যেতে পারে। অবার বেতন দেওয়া নিয়ে ঝামেলায় পড়তে পারে বার্সা।

এমনিতেই আর্থিক সংকটে রয়েছে ক্লাবটি। তার সঙ্গে রয়েছে লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমা নীতি। উসমান দেম্বেলেকে ছেড়ে বেতনের দিক থেকে কিছুটা হালকা হতে মরিয়া বার্সা। দেম্বেলে বার্সা ছাড়লে আক্রমণভাগে অবারই ধারে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি।

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০১৮ সালে আর্সেনালে যোগ দেওয়া অবার সঙ্গে ইংলিশ ক্লাবটির সম্পর্ক ভালো যাচ্ছে না। গত ডিসেম্বরের মাঝামাঝিতে তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় আর্সেনাল। করোনার বিধিনিষেধ ভেঙেছিলেন, আর্সেনালের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি ক্লাবের অনুশীলনে ফিরতে পারেননি।

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে স্কোয়াড থেকেও বের করে দেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) খেলতে ক্যামেরুন যাওয়ার আগে দলীয় অনুশীলনেও তাঁকে রাখেনি আর্সেনাল। একা অনুশীলন করতে হয়। আফকন থেকেও না খেলে ফিরেছেন, শৃঙ্খলাভঙ্গ করায় তাঁকে আরেক সতীর্থসহ ফেরত পাঠানো হয়েছে।

ওদিকে একসময়ের বুনো পশ্চিমের মতো অবামেয়াংকে ‘আউট ল’ বানিয়ে বের করে দেওয়ার দ্বারপ্রান্তে ইংলিশ ক্লাব। বার্সা তাঁকে সই করালে অন্তত এই মৌসুমের বাকি সময়ের জন্য আর্সেনাল–অবা দ্বন্দ্ব আর দেখতে হচ্ছে না।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, চুক্তি হলে সেখানে পরে মেয়াদ বাড়ানো কিংবা অবাকে কেনার কোনো শর্ত না থাকার সম্ভাবনাই বেশি। তবে মিররের সংবাদকর্মী অ্যালেক্স উড টুইটে জানিয়েছেন, ‘...আর্সেনাল তাঁর কাছ থেকে মুক্তি চায়। উত্তর লন্ডনে এই স্ট্রাইকারের আর ফেরার পথ নেই।’

লিওনেল মেসি–আঁতোয়ান গ্রিজমান চলে যাওয়ার পর উইং থেকে আক্রমণভাগ পর্যন্ত পরীক্ষিত সেনানীর অভাবে ভুগছে বার্সা। এ জন্য ফেরান তোরেস ও আদামা ত্রায়োরকে কিছুদিন আগেই ক্লাবে ফিরিয়ে এনেছেন কোচ জাভি। ৯ নম্বর স্ট্রাইকার হিসেবে আলভারো মোরাতা ও অবার ওপর চোখ ছিল জাভির। মোরাতা জুভেন্টাসেই থাকতে রাজি হওয়ায় অবার দিকে হাত বাড়ান জাভি।