আর্সেনালের আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটির সঙ্গে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। ওয়ালকট-মেরটেসেকারের উদ্‌যাপনটা একটু অন্য রকমই হলো! পরশু এমিরেটসে l রয়টার্স
সিটির সঙ্গে দারুণ এক জয় পেয়েছে আর্সেনাল। ওয়ালকট-মেরটেসেকারের উদ্‌যাপনটা একটু অন্য রকমই হলো! পরশু এমিরেটসে l রয়টার্স

বড়দিনের আগে পয়েন্ট তালিকার দুইয়ে থাকাটা মন্দ কী! ১১ বছর ধরে যে দলটি শিরোপার জন্য হা-পিত্যেশ করছে, তাদের জন্য দারুণ ব্যাপারই হওয়ার কথা। আর্সেনালের শিরোপা জয়ের সম্ভাবনাটা যে এখনো ভালোমতোই বেঁচে আছে। ইতিহাসটা মনে থাকলে কোচ আর্সেন ওয়েঙ্গার কিন্তু আরও স্বস্তির একটা ঘুম দিতে পারেন। এর আগে যে দুবার আর্সেনাল লিগ জিতেছে, দুবারই বড়দিনের আগে পয়েন্ট তালিকার দুইয়ে ছিল দলটি! পরশু ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয়টা কি কিছুর ইঙ্গিত দিচ্ছে?
ওয়েঙ্গার আপাতত অত দূর ভাবতে চাইছেন না। এ মুহূর্তে প্রিমিয়ার লিগের যে অবস্থা, তাতে শিরোপাটা শেষ পর্যন্ত কার হাতে উঠবে সেটা নস্ট্রাডামুসেরও অনুমান করতে কষ্ট হতো। লেস্টার সিটি, আর্সেনাল, ম্যান সিটি তো আছেই, টটেনহাম, ইউনাইটেডও খুব পিছিয়ে নেই। ওয়েঙ্গার তাই আপাতত এ জয়ের আনন্দটাই উপভোগ করছেন, ‘লিগ জিতব কি না, এত জলদি সেটা বলা যাচ্ছে না। তবে আমাদের বিশ্বাস আরও জোরালো হয়েছে। আমরা এখন বুঝতে পেরেছি, প্রতিটি ম্যাচেই জেতার জন্য আমাদের এ রকম লড়াই করতে হবে।’
সানচেজ, কাজোরলাদের মতো অপরিহার্যরা চোটের জন্য নামতে পারেননি। তবে এই মৌসুমে প্রতি ম্যাচেই যেমন আলো ছড়াচ্ছেন, পরশু তেমনি আরও একবার জয়ের মূল কুশীলব মেসুত ওজিল। কোনো গোল পাননি, তবে থিও ওয়ালকট ও অলিভিয়ের জিরুর গোল দুটির আগে অন্তিম পাস এসেছে ওজিলের পা থেকেই। ৩৩ মিনিটে ওয়ালকটের প্রথম গোলটা অবশ্য দুর্দান্ত এক শট থেকেই করা। প্রথমার্ধের শেষে জিরুর গোলে ব্যবধান আরও বাড়ায় আর্সেনাল। শেষ দিকে সিটির ইয়াইয়া তোরে ব্যবধান কমালেও লাভ হয়নি।
এই মৌসুমে ১৫টি গোল করিয়েছেন ওজিল। অথচ ফুসফুসে সংক্রমণে আক্রান্ত হয়ে এই ম্যাচে নামাটাই ছিল অনিশ্চিত। ম্যাচের আগের কয়েক দিন অনুশীলনেও নামতে পারেননি। ওয়েঙ্গারও তাই জার্মান মিডফিল্ডারের প্রশংসায় উচ্ছ্বসিত, ‘সে এখন অনেক বেশি পরিণত, দায়িত্ব নেওয়ার জন্য তৈরি।’
সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য দাবি করলেন, জয়টা তাঁদেরই প্রাপ্য ছিল, ‘আমি ঠিক স্বস্তিতে নেই, কারণ আমরা আর্সেনালের চেয়ে ভালো খেলেছি। আমরা ঝুঁকি নিয়েছি, সুযোগও তৈরি করেছি। কিন্তু এ রকম ম্যাচে আপনি ভুল করতে পারেন না। যাহোক, আমরা শিরোপার জন্য লড়ে যাব।’ এএফপি।
সেরা পাঁচ
              ম্যাচ   জয়   ড্র   হার   গোল     পয়েন্ট
লেস্টার সিটি  ১৭   ১১    ৫     ১    ৩৭/২৪   ৩৮
আর্সেনাল    ১৭    ১১   ৩     ৩     ৩১/১৪  ৩৬
ম্যান সিটি   ১৭    ১০   ২     ৫     ৩৩/১৯   ৩২
টটেনহাম    ১৭   ৭     ৮     ২      ২৮/১৪  ২৯
ইউনাইটেড ১৭    ৮    ৫     ৪      ২২/১৪   ২৯