আর্সেনালের চেয়েও ভয়াবহ শুরু করেছিল যারা
আর্সেনাল সমর্থকেরা আজ লিডস বা ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বনে দেখতে পারেন। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচে লিডস খেলবে বার্নলির বিপক্ষে, ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। এই দুই ম্যাচে দুটি সমীকরণ মিললে একটু স্বস্তি মিলবে আর্সেনাল। একটি বড় লজ্জার হাত থেকে রেহাই মিলবে তাদের।
প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের সব ম্যাচ এখনও শেষ হয়নি। ৭ ম্যাচ শেষে এখন যে অবস্থা, তাতে সবার শেষে আছে আর্সেনাল। ম্যানচেস্টার আর লিডস আজ কতটা দাপট দেখাতে পারে, সেটার ওপর নির্ভর করছে আজ দিন শেষেও সে অবস্থান থাকবে কিনা আর্সেনালের। যদি অবস্থার পরিবর্তন না হয়, তবে প্রিমিয়ার লিগ ইতিহাসে নতুন এক স্বাদ পাবে আর্সেনাল।
এবারের প্রিমিয়ার লিগের শুরুটা ভয়াবহ হয়েছে আর্সেনালের। প্রথম ম্যাচে সাত দশক পর শীর্ষ পর্যায়ে উঠে আসা ব্রেন্টফোর্ডের কাছে হেরেছে আর্সেনাল। পরের ম্যাচে হেরেছে চেলসির কাছে। আর গতকাল ম্যানচেস্টার সিটির কাছেও হয়েছে চূড়ান্ত ভরাডুবি। এই তিন ম্যাচে কোনো গোল দিতে পারেনি আর্সেনাল। আর নিজেরা গোল খেয়েছে ৯টি। নেতিবাচক ৯ গোল ব্যবধানের সুবাদে লিগে এখন ২০তম আছে।
তিন ম্যাচ শেষে নেতিবাচক গোল ব্যবধানে আর্সেনালের সঙ্গে আছে নরউইচ সিটিও।
কিন্তু গতকাল লেস্টারের বিপক্ষে একটি গোল করেছে বলে সেদিক থেকে আর্সেনালের চেয়ে এগিয়ে আছে নরউইচ। এদিকে প্রথম দুই ম্যাচে হেরেছে বার্নলি ও উলভারহ্যাম্পটন। আজ লিডসের কাছে যদি বার্নলি হারে আর সেটা যদি ৭ গোলের ব্যবধানে হয়, তাহলে তারা আর্সেনালকে পেছনে ফেলে দেবে। প্রথম দুই ম্যাচে ন্যূনতম ব্যবধানে হারা উলভারহ্যাম্পটনের জন্য কাজটা আরেকটু কঠিন। আর্সেনালকে লজ্জা থেকে বাঁচাতে হলে ইউনাইটেডকে আজ জিততে হবে ৮ গোলের ব্যবধান!
করোনা বিরতির পর গত মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচে বেশ উল্টোপাল্টা স্কোর দেখা গেছে। ইউনাইটেড-লিভারপুলের মতো দলকে ৬/৭ গোল খেতে দেখা গেছে। তাই কোনো স্কোরকেই আর অসম্ভব বলা যায় না। কিন্তু এমন কিছু রোজ রোজ হয় না। আর সে ক্ষেত্রে তৃতীয় রাউন্ড শেষে আর্সেনাল এবার সবার শেষেই থাকছে। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে দ্বিতীয় রাউন্ডের পর কখনো সবার শেষের অবস্থানে না থাকা আর্সেনালের জন্য এটা তো নতুন এই রেকর্ডই।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ৩ ম্যাচ শেষে আর্সেনালের এমন পারফরম্যান্স অতীতের বিভিন্ন রেকর্ড টেনে আনতে বাধ্য করছে। আর তাতে দেখা যাচ্ছে, প্রথম তিন ম্যাচে শেষে এত বাজে অবস্থায় ইংলিশ প্রিমিয়ার লিগে কখনো হয়নি। অর্থাৎ ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ের লিগের নতুন নাম গ্রহণের পর থেকে কোনো ক্লাব তিন ম্যাচে হারলেও এত গোল হজম করেনি। আরেকটু পেছালে ১৯৬২-৬৩ মৌসুমের পর এমন অবস্থা দেখেনি কোনো দল।
১৯৬২-৬৩ মৌসুমের শুরুতে প্রথম তিন ম্যাচেই হেরেছিল ওয়েস্টহাম। সে সঙ্গে তাদের গোল ব্যবধান ছিল নেতিবাচক ১০। সেবার লিগে ১২ দলে দ্বাদশ হয়েছিল দলটি। এর আগে ১৯৫৩-৫৪ সালে এমন কিছু দেখেছিল ম্যানচেস্টার সিটি। গতকাল আর্সেনালকে ৫ গোল দেওয়া দলটির অবস্থা তিন ম্যাচ শেষে সেবার আর্সেনালের মতোই ছিল। অর্থাৎ গোল ব্যবধান ছিল নেতিবাচক ৯। এমন শুরুটা সামলে ২২ দলের মধ্যে ১৭তম হয়েছিল সিটি।
এর আগের ‘কীর্তি’টাও ম্যান সিটির। ১৯০৬-০৭ মৌসুমে আগের মৌসুমে কিছু অনিয়মের দায়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়তে হয়েছিল তাদের। এর ফলে প্রথম তিন ম্যাচে শুধু হারেইনি। নিজেরা যত গোল দিয়েছিল, প্রতিপক্ষের চেয়ে তার চেয়ে ১৩টি গোল বেশি খেয়েছিল দলটি! মজার ব্যাপার সেবারও দলটি ১৭তম হয়েছিল! তবে সেবার লিগ ছিল ২০ দলের।
আর্সেনালের চেয়ে বাজে শুরু আর দুবার দেখা গেছে। দুটোই ১৩০ বছর আগের কাহিনি। ১৮৮৮-৮৯ সালে নটস কাউন্টি প্রথম তিন ম্যাচে হারা নটস কাউন্টির গোল ব্যবধান ছিল নেতিবাচক ১২। আর ১৮৯০-৯১ ওয়েস্ট ব্রমউইচের গোল ব্যবধান ছিল নেতিবাচক ১০। দুই দলই অবনমন অঞ্চলে থাকলেও লিগের নিয়ম অনুযায়ী নিজেদের অবস্থান ফিরে পেয়েছিল।
তাদের চেয়ে বাজে শুরু করা ক্লাবগুলোর কোনোটিই অবনমিত হয়নি, তিন ম্যাচ হারা আর্সেনাল তাই এতে সান্ত্বনা খুঁজে নিতে পারে।