আর্সেনালের চ্যাম্পিয়নস লিগ-স্বপ্নে বড় ধাক্কা সাবেক অধিনায়কের
এ মৌসুমে দৃষ্টিনন্দন ফুটবল খেলে বেশ নজর কাড়ছে আর্সেনাল। মিকেল আরতেতার অধীন দলটির আশা, লিগ শিরোপা জেতা না হোক, অন্তত শীর্ষ চারে থেকে যেন পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ করে নেওয়া যায়। ২০১৭ সালের পর থেকেই যে ইউরোপের সেরা টুর্নামেন্টে নেই দলটি।
কিন্তু সে লক্ষ্যে গত রাতে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছে লন্ডনের লাল দল। লন্ডনেরই আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে ৩-০ গোলে হেরে এসেছে। প্যালেসের হয়ে গোল করেছেন ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-ফিলিপ মাতেতা, ঘানাইয়ান ফরোয়ার্ড জর্ডান আইয়ু ও আইভরিয়ান উইঙ্গার উইলফ্রায়েড জাহা।
আর্সেনালের হয়ে আরতেতা যা করছেন, প্যালেসের হয়ে প্যাট্রিক ভিয়েরাও ঠিক সেটাই করছেন। ঘুমপাড়ানি ফুটবল খেলার জন্য পরিচিত লন্ডনের এই নিচু সারির দল ভিয়েরার অধীন মনকাড়া ফুটবল খেলছে মৌসুমজুড়ে। সেটার সর্বশেষ প্রমাণ দেখা গিয়েছে গত রাতে। হ্যাঁ, সেই প্যাট্রিক ভিয়েরা, খেলোয়াড়ি জীবনে আর্সেনালের কিংবদন্তি অধিনায়ক ছিলেন যিনি। আর এ ব্যাপারই আর্সেনালের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে আরও বেশি।
পালেসের মাঠ সেলহার্স্ট পার্কে গিয়ে শিষ্যদের এমন পারফরম্যান্স মানতেই পারছেন না আরতেতা। যতটুকু আধিপত্য দেখানোর দরকার ছিল, আর্সেনাল সেটা করতে পারেনি বলে মনে করছেন আরতেতা, ‘আমরা ওদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারিনি, বিশেষ করে প্রথমার্ধে। প্রতিবার বল দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ছিলাম। ঠিকঠাক চ্যালেঞ্জ জানাতে পারিনি। বল পায়ে জঘন্য খেলেছি, কোনো আধিপত্যই ছিল না আমাদের। যে কারণে প্রথমার্ধে দুটি সহজ গোল হজম করতে হয়।’
সবশেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন আরতেতা, ‘আমরা বুঝতে পারিনি, এ ম্যাচে হারতে হবে। সব মিলিয়ে আমাদের এই পারফরম্যান্স একদমই গ্রহণযোগ্য নয়। আমি ক্ষমা চাইছি।’
হার ছাড়াও আর্সেনালের চিন্তা বাড়িয়েছে স্কটিশ লেফটব্যাক কিয়েরান টিয়েরনির চোট। হাঁটুর চোটে বাকি মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন। ঘানাইয়ান মিডফিল্ডার টমাস পার্টিও চোটে পড়ে ৭৪ মিনিটে উঠে গিয়েছেন। হয়তো তিনিও চোটে পড়েছেন, আর সেটা যদি হয়, শীর্ষ চারে থাকার লড়াইয়ে আরেকটু পিছিয়ে পড়বে আর্সেনাল।
কিন্তু হাতে পর্যাপ্ত খেলোয়াড় না থাকার ব্যাপারটাকে অজুহাত বানাতে চাননি এই স্প্যানিশ কোচ, ‘আমরা কিয়েরানকে হারিয়েছি, এখন টমাসকেও হারিয়েছি, কিন্তু এটাই জীবন। আমাদের হাতে যেসব খেলোয়াড় আছে, তাঁদের নিয়েই চেষ্টা করে যেতে হবে। যেমনটা আমরা মৌসুমের শুরু থেকেই করে আসছি।’
ম্যাচটা জিতলে শীর্ষ চারে থাকার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যেত আর্সেনাল। কিন্তু হেরে যাওয়ার কারণে এখন গোল ব্যবধানে পিছিয়ে পাঁচে আছে তারা। ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা টটেনহামের পয়েন্টও সমান, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে তারা আছে চারে। আর্সেনালের হাতে এক ম্যাচ বেশি আছে, আপাতত এটাই তাদের জন্য স্বস্তির বিষয়। শেষমেশ উত্তর লন্ডনের দুই প্রতিবেশীর মধ্য থেকে এক দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে, পয়েন্ট টেবিল দেখে আপাতত এমনই মনে হচ্ছে।