আর্সেনালের নাটকীয় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রীতিমতো নাটক হলো ৯০ মিনিটের পর। যোগ করা সময়ের আট মিনিটে দুটি পেনাল্টি, তাতে দুই গোল। নাটকের শেষে অবশ্য হাসিটা আর্সেনালের, ঘরের মাঠে বার্নলিকে হারাল ২-১ গোলে।
৬৫ মিনিটে গ্রানিত জাকা লাল কার্ড দেখায় দশ জনের দল হয়ে পড়ে আর্সেনাল। তার আগেই অবশ্য ৫৯ মিনিটে শকোদ্রান মুস্তাফির গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৯৩ মিনিটে ধাক্কা! পেনাল্টি থেকে গোল করে বার্নলিকে সমতায় ফেরান আন্দ্রে গ্রে। আর্সেন ওয়েঙ্গার হয়তো তখন প্রমাদ গুনছিলেন, জিতলে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার সুযোগ, সেখানে ড্র! দুশ্চিন্তা থেকে তাঁকে উদ্ধার করেন অ্যালেক্সিস সানচেজ। যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে জেতান চিলিয়ান ফরোয়ার্ড। অন্য ম্যাচে হাল সিটিকে ২-০ গোলে হারিয়েছে শীর্ষে থাকা চেলসি। গোল করেছেন ডিয়েগো কস্তা ও গ্যারি কাহিল। বিবিসি।