আর্সেনালের বোঝা চেক?

অগ্নিমূল্যে চেলসি থেকে নিয়ে আসা হয়েছে চেক প্রজাতন্ত্রের গোলরক্ষক পিওতর চেককে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হামের কাছে ২-০ গোলে হারের পর গানার্স-ভক্তদের মনে হচ্ছে এই দলটির বোঝা ওই চেকই। চেকের ওপর অতিরিক্ত ভরসা রাখার জন্য তোপের মুখে পড়েছেন আর্সেনালের ৬৫ বছর বয়সী কোচ আর্সেন ওয়েঙ্গারও।
এই মৌসুমের শুরুতে প্রায় আকাশছোঁয়া মূলে দলে ভেড়ানো হয় পিওতর চেককে। চেলসির সাবেক এই গোলরক্ষক গোলবারে ভরসা জোগাবেন—এমন প্রত্যাশাই ছিল আর্সেনাল ম্যানেজমেন্টের। কিন্তু লিগের প্রথম খেলাতেই তাঁর অমার্জনীয় ভুলের খেসারত দিয়ে হেরে যাওয়ার পর সিদ্ধান্তটা এখন আতস কাচের নিচে। চেককে দলে নেওয়া আদৌ ঠিক ছিল কিনা, এই প্রশ্ন এখন উত্তর লন্ডনের আনাচ কানাচে। সমর্থকেরা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন তুলেছেন তাঁর অন্তর্ভুক্তি নিয়েই। কেউ কেউ বলছেন, এক কোটি পাউন্ডে একজন বৃদ্ধ গোলরক্ষককে দলে আনার চেয়ে একই দামে কয়েকজন তরুণ উদীয়মান ভালো খেলোয়াড়ের দলভুক্তি কি বেশি প্রয়োজনীয় ছিল না? এই প্রশ্নের উত্তর অবশ্য জানা নেই অগণিত আর্সেনাল সমর্থকদের।
ওয়েস্ট হামের বিপক্ষে হারে নিজের মাথা হেঁট করে ফেললেও বিপদগ্রস্ত গোলরক্ষক চেকের পাশেই দাঁড়াচ্ছেন কোচ ওয়েঙ্গার। সোজা-সাপটাই জানিয়েছেন, চেককে দোষ দিয়ে লাভ নেই। ওকে একা দোষারোপ করাটা খুব অন্যায়। আজ দলের প্রতিটি খেলোয়াড়ই এই বিপর্যয়ের জন্য দায়ী। সবাই-ই খেলেছে অত্যন্ত বাজে ফুটবল।’
আর্সেনাল কাল ওয়েস্ট হামের বিপক্ষে কেমন খেলেছে, সেটা অবশ্য সকলেরই জানা। পুরো খেলায় ভুলের পাহাড় গড়ল দলটা। রক্ষণে সমন্বয়হীনতা, ফরোয়ার্ডদের এলোমেলো দৌড়াদৌড়ি। প্রতিপক্ষের রক্ষণে ছিল না আক্রমণাত্মক কোনো হুংকার। এমন নখদন্তহীন পারফরম্যান্সের মধ্যে নিধিরাম সর্দারের মতো লড়ে গেলেন একজনই—মেসুত ওজিল। চেক যেন কাল বলই দেখলেন না। দিশাহীনভাবে ৪৩ মিনিটে ফ্রি-কিক থেকে খেলেন গোল। দ্বিতীয় গোলটিও তিনি হজম করলেন আপাত এক নির্বিষ শটে! বিপুল অঙ্কে দলে টানা কোনো গোলরক্ষককে এমন দুটো গোল খেতে দেখলে মাথার ঠিক থাকে কোন সমর্থকের? ওয়েঙ্গার অবশ্য সবাইকে ধৈর্য ধরতেই বলছেন। হারের যুক্তিপূর্ণ ব্যাখ্যাও দাঁড় করাতে চাইছেন তিনি, ‘শুরু থেকেই দলের খেলায় অস্বস্তি ছিল। আমরা নিজেরাই নিজেদের সামনে বাধার পাহাড়টা তৈরি করেছি।’ সূত্র: দ্য মিরর।