আর্সেনালের শুভসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টাল প্যালেসের জালে র্যামসের জয়সূচক গোল ছবি: এএফপি
ক্রিস্টাল প্যালেসের জালে র্যামসের জয়সূচক গোল ছবি: এএফপি

ক্রিস্টাল প্যালেসও যদি সোয়ানসির মতো কিছু করে ফেলত, তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পদাঙ্ক অনুসরণের শঙ্কাতেই ছিলেন আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। কিন্তু লরেন্ত কসিয়েলনি ও অ্যারন র্যামসের ২ গোল সব শঙ্কা কাটিয়ে শুভসূচনাই এনে দিয়েছে আর্সেনালকে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গানার্সদের জয় এসেছে ২-১ গোলে।
২০০৪ সালের পর এই প্রথম আর্সেনাল ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল—মৌসুম শুরুর এফএ কাপ জয়ের পর এমন কথাই বলেছেন কোচ ওয়েঙ্গার। নয় বছরের ট্রফি-খরা কাটানোর এই মৌসুমের প্রথম ম্যাচটির শুরুতেই কিন্তু যথেষ্ট বিপদেই পড়ে গিয়েছিল আর্সেনাল। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার বদলে জড়তায় মোড়া পারফরম্যান্সের সুযোগটা বেশ ভালোভাবেই নেয় ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৩৫ মিনিটেই ব্রেড হ্যানজেল্যান্ডের গোলে আর্সেনালকে অবাক করে দিয়েই ১-০ গোলে এগিয়ে যায় তারা।
ম্যানেজারবিহীন প্যালেসের জন্য ব্যাপারটি ছিল অভাবিতই। মৌসুম শুরুর ঠিক আগ দিয়ে ক্লাবের দলবদল নীতির সঙ্গে একমত হতে না পেরে পদত্যাগ করা ক্রিস্টাল প্যালেস ম্যানেজার টুনি পুলিসের পর এখনো কোনো নতুন কোচ খুঁজে নিতে পারেনি দলটি। কিন্তু তার পরও আর্সেনালের মতো দলকে দীর্ঘক্ষণ বিপদের মধ্যে রেখে ইংলিশ লিগের প্রথম দিনে এমিরেটস স্টেডিয়ামে সবার প্রশংসাই কুড়িয়েছে দলটি।
বিরতির ঠিক আগ দিয়ে অবশ্য খেলায় ফিরেছিল আর্সেনাল। কসিয়েলনির গোলে সমতা ফিরেও কিন্তু নিজেদের পুরোপুরি খুঁজে পায়নি তারা। প্যালেসের মধ্য ও রক্ষণভাগে এসে বারবারই খেই হারাচ্ছিল আর্সেনালের আক্রমণগুলো। দ্বিতীয়ার্ধের একেবারে শেষের দিকে প্যালেস মিডফিল্ডার জ্যাসন পানচেওনের দুই হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যাওয়াটাই বোধ হয় ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে ধরে নেওয়া যায়। এর কিছুক্ষণ বাদে, ম্যাচের অতিরিক্ত সময়ে র্যামসের গোল কোনোমতে সম্মান রক্ষা করে ওয়েঙ্গার-শিষ্যদের।
ম্যাচ শেষে দল পুরো ৩ পয়েন্ট পাওয়ায় স্বস্তিই ঝরেছে ওয়েঙ্গারের কণ্ঠে, ‘ক্রিস্টাল প্যালেসের প্রতিরোধটা ছিল যথেষ্টই কঠিন। তার পরও আমি খুশি যে লিগের প্রথম ম্যাচেই পুরো ৩ পয়েন্ট পকেটে ভরতে পেরেছি।’
দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার প্রশ্নই আসে না, ওয়েঙ্গার হনওনি। তাঁর মতে, আক্রমণগুলো প্যালেসের সীমানায় গিয়ে গতি হারানোই ছিল আর্সেনালের মূল সমস্যা, ‘আমরা বারবার প্রতিপক্ষের সীমানায় গিয়ে গতি হারাচ্ছিলাম। এ জন্যই প্যালেস আমাদের ওপর চড়ে বসার সুযোগ পেয়েছে। তবে সবকিছুর পরেও আমি খুশি আমরা ম্যাচটা জিতেছি।’ এএফপি।