আর্সেনালের সাবেক তারকা রেয়েসের অকাল মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্সেনালের জার্সিতে আলো ছড়ানো রেয়েস আর নেই। ছবি: এএফপি
আর্সেনালের জার্সিতে আলো ছড়ানো রেয়েস আর নেই। ছবি: এএফপি
>মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন স্পেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হোসে অ্যান্তোনিও রেয়েস। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর শৈশবের ক্লাব সেভিয়া।

আর্সেনালের সাবেক উইঙ্গার হোসে অ্যান্তোনিও রেয়েস সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেছেন। সড়ক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী রেয়েসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তাঁর শৈশবের ক্লাব সেভিয়া। তবে কীভাবে কখন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রেয়েস, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো মাধ্যম।

ক্যারিয়ারে বড় বড় সব ক্লাবে খেলেছেন, তবু তাঁর মন পড়ে থাকত শৈশবের ক্লাব সেভিয়ায়। তাই ২০১২ সালে সেভিয়াতে ফেরা। ক্লাবটির হয়ে জিতেছেন টানা তিনটি ইউরোপা লিগ শিরোপাও। সর্বশেষ খেলেছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এক্সত্রেমাদুরায়। তাঁর মৃত্যুতে শোক বয়ে যাচ্ছে ফুটবল অঙ্গনে। আজ সবার আগে তাই সেভিয়াই মন খারাপ করা সংবাদটা জানিয়েছেন, ‘আমরা এর চেয়ে বাজে খবর নিশ্চিত করতে পারতাম না। সবার প্রিয় সেভিয়া তারকা হোসে অ্যান্তোনিও রেয়েস সড়ক দুর্ঘটনায় আজ মারা গেছেন। শান্তিতে থাকুন।’

স্পেনের জার্সিতে ২১ ম্যাচে ৪ গোল আছে রেয়েসের। সেভিয়ায় ক্যারিয়ার শুরু করা রেয়েস পাদ প্রদীপের আলোতে এসেছেন ইংলিশ ক্লাব আর্সেনালের জার্সিতে। গানার্সদের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে তাঁর। ২০০৩-০৪ মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই স্প্যানিশ উইঙ্গার। আর্সেনাল টুইট করে জানিয়েছে, ‘সড়ক দুর্ঘটনায় আমাদের সাবেক খেলোয়াড় রেয়েসের মৃত্যুতে আর্সেনালের সবাই ধাক্কা খেয়েছে।’

২০০৬-০৭ মৌসুমে আর্সেনাল থেকে রেয়েস ধারে চলে যান রিয়াল মাদ্রিদে। এক মৌসুমের জন্য এসেই রিয়ালের ইতিহাসের অংশ হয়ে গেছেন। মৌসুমের শেষ দিনে বদলি নেমে পিছিয়ে পড়া রিয়ালকে জিতিয়েছিলেন ২ গোল করে। রেয়েসের ম্যাচ জেতানো পারফরম্যান্সেই লিগ জিতেছিল রিয়াল। তাঁর বিদায়ের সংবাদে তাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ, ‘রিয়াল মাদ্রিদ আমাদের সাবেক খেলোয়াড় রেয়েসের মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছে রিয়াল মাদ্রিদ। তাঁর বিদায়ের ব্যথা আমাদের ক্লাবও বোধ করছে।’

সেখানে থিতু হতে পারেননি। ২০০৭ সালে পাড়ি জমায় অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখানে খেলেছেন ৪ বছর। রেয়েসের বিদায়ে শোকাতুর মাদ্রিদের এই ক্লাবও, ‘অ্যাটলেটিকো পরিবার শোকাহত। আমাদের রেয়েস মৃত্যুবরণ করেছেন। তুমি সব সময় আমাদের হৃদয়ে থাকবে।’