আর্সেনালের সামনে 'আহত' বায়ার্ন
আলিয়াঞ্জ অ্যারেনা আক্ষরিক অর্থেই একটা বহুরূপী স্টেডিয়াম। ১৮৬০ মিউনিখের খেলার সময় সেটি নীল থাকে, জার্মান জাতীয় দলের খেলার সময় সাদা। আর বায়ার্ন মিউনিখের খেলায় সেটি হয়ে যায় লাল। আজকের ম্যাচে অবশ্য লাল রংটাই সবচেয়ে মানানসই। আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন তো তেতে রয়েছে আগ্নেয়গিরির মতোই।
ফুটবলে ‘প্রতিশোধ’ কথাটা অতি ব্যবহারে একরকম ক্লিশেই হয়ে গেছে। অতীত বৈরিতার কারণেও বদলা নেওয়ার প্রসঙ্গটা প্রায়ই এসে পড়ে। বায়ার্নের জন্য অবশ্য সেই উপলক্ষটা একেবারেই টাটকা। দুই সপ্তাহ আগেই লন্ডনে গিয়ে আর্সেনালের কাছে হেরে আসতে হয়েছে। অথচ ওই ম্যাচের আগে আর্সেনালের অনেক সমর্থকও নিজের ক্লাবের পক্ষে বাজি ধরতেন কি না সন্দেহ।
মৌসুমে প্রথমবারের মতো হেরে যাওয়াটা তো আর দশটা পরাজয়ের মতো নয়! বায়ার্ন আজকের ম্যাচটা কীভাবে নিচ্ছে সেটি মিডফিল্ডার আর্তুরো ভিদালের কথা থেকেই বুঝে নিতে পারেন, ‘বুধবারেই আর্সেনাল আসল বায়ার্নকে দেখতে পাবে।’
আর্সেনালের বিপক্ষে হারের পর এই সপ্তাহে বুন্দেসলিগায়ও প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে বায়ার্ন। দুর্দান্ত পেপ গার্দিওলার দল হঠাৎ করেই যেন কিছুটা খেই হারিয়ে ফেলেছে। গানারদের বিপক্ষে আজ ফিরতি ম্যাচটা তাই বায়ার্নের ঘুরে দাঁড়ানোর ম্যাচও। ভিদাল তো ‘প্রতিশোধের’ কথাটা এক রকম বলেই দিয়েছেন। তবে বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম অনেক বেশি কূটনৈতিক, ‘আমরা ম্যাচটা নিয়ে খুবই মগ্ন, তবে আহত নই। আমরা বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে সবার ওপরে আছি, এর চেয়ে ভালো কিছু তো হতে পারে না।’ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিরও একটু হিসাব-নিকাশ মেটানোর আছে, ‘পরপর দুই ম্যাচে আমি গোল পাইনি, অবশ্যই আমি আজ সেটি পেতে চাই। সেটার জন্য যা করা দরকার সবই করব।’
আর্সেনাল মিডফিল্ডার পার মেরটাসাকার নিজেও জার্মান। বায়ার্ন আজ কতটা তেড়েফুঁড়ে নামবে, সেটাও তাই ভালোমতোই জানেন, ‘তারা আহত হয়ে আছে। আমরাই প্রথম ওদের চ্যালেঞ্জ করে হারাতে পেরেছি। ওরা এখন প্রমাণ করতে চাইবে তারা আমাদের চেয়ে ভালো। নিজেদের মাঠে তারা দুর্দান্ত, ম্যাচটাও হবে অন্য রকম।’ এএফপি, রয়টার্স।
শুধু মেরটাসাকার নন, আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও জানেন, গুলি খেয়ে আহত বাঘ কতটা বিপজ্জনক হতে পারে। তবে আর্সেনাল খোলসে ঢুকে থাকলে ভুল করবে, সেটিও মনে করিয়ে দিলেন, ‘আমি এক পয়েন্ট পেলে খুশি। কিন্তু বায়ার্নের সঙ্গে ৯০ মিনিট রক্ষণ সামলানো কঠিন। আমাদের চাপ ঝেড়ে ফেলে গোলের সুযোগ খুঁজতে হবে। নিজেদের খেলাটাই খেলার চেষ্টা করতে হবে।’
আলিয়াঞ্জ অ্যারেনা থেকে আর্সেনাল অবশ্য সর্বশেষ দুবার সুখস্মৃতি নিয়েই ফিরেছে। একটা ম্যাচ ড্র করেছে, আরেকটি জিতেছে। এই মুহূর্তে গানাররা আছে গ্রুপের তিন নম্বরে। আজ হেরে গেলে পরের পর্বে ওঠার আশা আরও ক্ষীণ হয়ে যাবে।
ডায়নামো কিয়েভের ম্যাচটা যতটা না চেলসির জন্য, তার চেয়েও বড় অগ্নিপরীক্ষা হোসে মরিনহোর জন্য। লিগে চেলসি এখন ১৫ নম্বরে ধুঁকছে, চ্যাম্পিয়নস লিগে গ্রুপে তৃতীয়। ব্রিটিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, চেলসি মালিক রোমান আব্রামোভিচ মরিনহোকে দুই ম্যাচের সময় বেঁধে দিয়েছেন। মরিনহোর জন্য আজ তো এক রকম বাঁচা-মরারই লড়াই।
আজ মুখোমুখি
বায়ার্ন মিউনিখ : আর্সেনাল
চেলসি : ডায়নামো কিয়েভ
বার্সেলোনা : বাতে বরিসভ
রোমা : লেভারকুসেন
অলিম্পিয়াকোস : জাগরেব
তেল আবিব : পোর্তো
লিঁও : জেনিত
গেন্ট : ভ্যালেন্সিয়া
*স্বাগতিক দল প্রথমে