আর্সেনালের স্বপ্নের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওজিলের গোল, আর্সেনাল খেলোয়াড়দের উচ্ছ্বাস। পরশু এমিরেটস স্টেডিয়ামে l এএফপি
ওজিলের গোল, আর্সেনাল খেলোয়াড়দের উচ্ছ্বাস। পরশু এমিরেটস স্টেডিয়ামে l এএফপি

‘অপয়া ১৩’ সংখ্যাটা অপয়াই রয়ে গেল। ‘পয়া’ বানাতে পারল না বায়ার্ন মিউনিখ। নাকি বলা উচিত, বানাতে দিল না আর্সেনাল?
পরশুর আগে এ মৌসুমে ১২টি ম্যাচ খেলেছে বায়ার্ন। হারা তো দূরের কথা, ড্র-ও করেনি। এমিরেটসে পরশু ১৩ নম্বর ম্যাচটার আগে তাই মনে হচ্ছিল ‘আনলাকি থারটিন’ বলে যে কথাটা আছে, সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন লেভানডফস্কি আর মুলাররা। হলো উল্টোটা। উড়তে থাকা বায়ার্নকে মাটিতে নামিয়ে আনল আর্সেনাল। অলিভিয়ের জিরু আর মেসুত ওজিলের গোলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটা জিতে নিল ২-০ ব্যবধানে। ১৬ দিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড আর বায়ার্নের মতো দুই পরাশক্তির বিপক্ষে জয়। এখন তো উল্টো আর্সেনালই উড়ছে!
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ হারার পর শঙ্কা জেগেছিল আর্সেনালের পরের রাউন্ডে ওঠা নিয়েই। বায়ার্নের মতো প্রতিপক্ষের সঙ্গে জয় সেই শঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে। কোচ আর্সেন ওয়েঙ্গারও তাই এখন কিছুটা নির্ভার, ‘এই জয়টা আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের ওপর সমর্থকদের বিশ্বাস জোরালো করবে।’
বায়ার্ন বলের দখল রেখেছে বেশির ভাগ সময়, কিন্তু তাদের খেলায় যে খুনে ভাবটা থাকে, সেটা ছিল না। বরং আর্সেনালই প্রতি-আক্রমণে কাঁপিয়ে তুলেছে জার্মান চ্যাম্পিয়নদের। ৩২ মিনিটে থিও ওয়ালকটের যে হেডটা অবিশ্বাস্যভাবে বাঁচিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, সেটা চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমের সেরা ‘সেভ’ হয় কিনা, আগাম সেই আলোচনাও হচ্ছে।
আরও বিস্ময়কর হচ্ছে, সেই নয়্যারই পরে ৭৭ মিনিটে জিরুর কাছে এমন একটা গোল খেলেন, যেটিকে বালখিল্য ভুলই বলা চলে। তবে এর পরও কোচ গার্দিওলা তাঁর গোলরক্ষককে দায় দিচ্ছেন না, ‘আমি আমার জীবনে কোনো দিন কোনো খেলোয়াড়কে তাঁর সঠিক কিংবা ভুল সিদ্ধান্তের জন্য সমালোচনা করিনি। শুধু বলতে চাই, আমরা নয়্যারের কারণে হারিনি।’
তাহলে কেন হারলেন? জবাব শুনে মনে হবে দায়টা ভাগ্যকেই দিচ্ছেন বায়ার্ন কোচ, ‘কখনো আপনি গোল করবেন, কখনো সুযোগ পেয়েও করতে পারবেন না। এটাই রহস্য।’
ওয়েঙ্গারকে আপাতত সেই রহস্য নিয়ে ভাবতে হচ্ছে না। বরং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা তিন জয় তাঁর সামনে স্পষ্ট করে দিয়েছে আগের বাজে ফর্মের রহস্যটাও, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে প্রথম দুটি ম্যাচে হেরেছিলাম, কারণ তখন আমরা প্রিমিয়ার লিগ নিয়ে বেশি ভাবছিলাম। কিন্তু আজ (পরশু) রাতে আমাদের পুরো মনোযোগ ছিল এ ম্যাচটাতে।’
বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচটাও এখন অর্জনের হাতছানি দিচ্ছে তাঁকে, ‘এই জয়টা আমাদের জন্য স্বস্তি হয়ে এসেছে। এখন আমরা বুক ফুলিয়ে মিউনিখে যেতে পারব।’ এএফপি, উয়েফা।