আর্সেনালের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মে ১৯৯৭, মার্টিন কিওন-টনি অ্যাডামস-স্টিভ বোল্ড।
১৭ এপ্রিল ২০১৭, রব হোল্ডিং-লঁরা কসিয়েলনি-গ্যাব্রিয়েল পলিস্তা।
প্রায় ২০ বছর পর তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে আর্সেনালকে খেলিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তাতে এড়ানো গেছে ৩৩ বছর পর চোখ রাঙাতে থাকা একটা লজ্জা। ১৯৮৪ সালে লিগে প্রতিপক্ষের মাঠে টানা পাঁচটি ম্যাচ হেরেছিল আর্সেনাল। এবারও আগের চারটি অ্যাওয়ে ম্যাচে হেরেছিল, তবে পাঁচে পাঁচ আর হয়নি। মিডলসবরোর মাঠে ২-১ গোলে জিতেছে আর্সেনাল।
৪২ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন সানচেজ। ৫০ মিনিটে মিডলসবরোর আলভারো নেগ্রেদো সমতা ফেরানোর ২১ মিনিট পর আর্সেনালকে আবার এগিয়ে দেন মেসুত ওজিল। বিবিসি, ইএসপিএন।
২০০৪ সালের পর লিগ শিরোপা মরীচিকাই হয়ে আছে। এবার আর্সেনালের জন্য শঙ্কা ওয়েঙ্গারের ২১ বছরের রাজত্বে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়ারও। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট গানারদের, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড।