আর্সেনালের 'মিশন ইম্পসিবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগরেবের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ আজ। পরশু এমিরেটসে শেষ মুহূর্তের অনুশীলনে আর্সেনালের খেলোয়াড়েরা  l এএফপি
জাগরেবের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ আজ। পরশু এমিরেটসে শেষ মুহূর্তের অনুশীলনে আর্সেনালের খেলোয়াড়েরা l এএফপি

খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে থাকা বা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া—এসব উপমা এখন ক্লিশে হয়ে গেছে। আর্সেনালের অবস্থাটা আসলে এর চেয়েও খারাপ। ১৬ বছরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কাটা তাদের চোখ রাঙাচ্ছে। বার্সেলোনা বা চেলসির অবশ্য উদ্বেগ কম। এক ম্যাচ হাতে রেখে আজ দুই দলই উঠে যেতে পারে নকআউট পর্বে।
আর্সেনালকে আজ ডায়নামো জাগরেবের বিপক্ষে জিতলেই শুধু হবে না, প্রার্থনা করতে হবে অলিম্পিয়াকোস যেন বায়ার্নের কাছে হেরে যায়। সেও না হয় হলো, পরের ম্যাচে আবার অলিম্পিয়াকোসের মাঠে গিয়ে ওদের হারাতে হবে। এর পর গোল ব্যবধানও থাকতে হবে পক্ষে। মিশন ইম্পসিবল-এ টম ক্রুজের কাজটাও বোধ হয় এর চেয়ে সহজ ছিল!
এমন পরিস্থিতিতেও আর্সেন ওয়েঙ্গার আশা দেখছেন। দেখছেন বললে ভুল হবে, ভালোমতোই দেখছেন, ‘চ্যাম্পিয়নস লিগে থাকার জন্য যা করা দরকার সবকিছুই আমরা করব। জানি কাজটা কঠিন, তবে আমার মনে হয় আমাদের বেশ ভালো সম্ভাবনা আছে। এমনকি বায়ার্নকে হারালেও অলিম্পিয়াকোস ও জাগরেবকে আমাদের হারাতে হতো। আর বায়ার্নে অলিম্পিয়াকোসের পয়েন্ট পাওয়াটাও অসম্ভব নয়।’ ওয়েঙ্গার শুনে একটু আশ্বস্ত হতে পারেন, নিজেদের মাঠে বায়ার্ন গত ছয় ম্যাচেই প্রতিপক্ষের জালে অন্তত ৪ গোল করে দিয়েছে।
কিন্তু বিপদ যখন আসে, সবদিক দিয়েই আসে। এমনিতেই বাঁচা-মরার ম্যাচ, তার ওপর দলে লেগেছে চোটের মহামারী। চেম্বারলেইন, ওয়ালকট, রামসে, ওয়েলবেক এমনিতেই নেই, পরশু ওয়েস্ট ব্রমের কাছে হারা ম্যাচে চোট পেয়েছেন কোকেলিনও। চোট তো তাদের চ্যাম্পিয়নস লিগ ম্যাচের প্রস্তুতিতেও!
বার্সেলোনা অবশ্য প্রস্তুতি দারুণভাবেই সেরে রেখেছে। এল ক্লাসিকোয় ৪-০ গোলে জয়ের চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না! রোমার সঙ্গে আজ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্ব নিশ্চিত করবে চ্যাম্পিয়নরা। সামনে ঠাসা সূচি, আজ ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো খেলা কয়েকজনকে লুইস এনরিকে বিশ্রামও দিতে পারেন।
চেলসির কাজটা সেই তুলনায় একটু কঠিন। আজ ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে জিতলেই শেষ ষোলো নিশ্চিত হবে, যদি অন্য ম্যাচে পোর্তো না হারে ডায়নামো কিয়েভের কাছে। তবে আজ ম্যাচের নিরাপত্তাটাই বড় হয়ে উঠতে পারে হোসে মরিনহোর কাছে। গত সপ্তাহে ফিলিস্তিনি আক্রমণে তেল আবিবে পাঁচজনের মৃত্যুতে একটু অস্থিরতা আছে ইসরায়েলে। এএফপি, রয়টার্স।