আল-খেলাইফিকে কেউ সত্যিটা বলো, এমবাপ্পে বাদে পিএসজির দলটা ‘দেখনদারি’

কিলিয়ান এমবাপ্পেই যা আলো ছড়িয়েছেন রিয়ালের বিপক্ষেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন দেখেছিল পিএসজি, এখনো দেখে। কিন্তু স্বপ্নের পথে মরিয়া হয়ে ছুটতে গিয়ে বুঝি বাস্তবের খেয়ালটা থাকে না। ছিল না কখনো। চ্যাম্পিয়নস লিগ জেতা, ইউরোপের কুলীনদের সারিতে একটু বসতে পারা—পিএসজির স্বপ্নটাকে তাই স্বপ্ন নয়, আকাশকুসুম কল্পনাই মনে হয়। রিয়াল মাদ্রিদের কাছে পরশু এবারের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে বিদায় নেওয়া পিএসজিকে ‘ছেড়া কাঁথা’র বাস্তবতা বুঝিয়ে দিল।

অনেক দাম দিয়েই কেনা পিএসজির সে ছেড়া কাঁথা! ২০১১ সালে কাতারি মালিকানায় যাওয়ার পর থেকে সেরা তারকাদের দলে টানতে যে অর্থ খরচে কখনো কার্পণ্য করেনি প্যারিসের ক্লাবটি। অবশ্য কার্পণ্য করবেই বা কেন! টাকা লাগলে ‘গৌরী সেন’ হয়ে কাতারের আমির তো আছেনই।

রিয়ালের সাবেক মিডফিল্ডার মিশেলও সেটিই মনে করিয়ে দিলেন নতুন করে। নেইমার, এমবাপ্পে, ভেরাত্তিরা তো ছিলেনই, এই মৌসুমে মেসি, রামোস, হাকিমি, দোন্নারুম্মাদের নিয়ে আইফেল টাওয়ারের পাড়ে তারকাপুঞ্জ গড়েছে পিএসজি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের কুলীন দল রিয়ালের সামনে পিএসজির সেই তারকারাজির একযোগে দুপ করে নিভে যাওয়ার পর মিশেল যা বলছেন, সেটি পিএসজিকে তাদের ছেড়া কাঁথার বাস্তবতা মনে করিয়ে দেবে।

আক্রমণে এত তারকা কেনা পিএসজির রক্ষণটা যে নড়বড়ে—সেটি মনে করিয়ে দিয়ে মিশেল বলছেন, তাঁর চোখে পিএসজি একটা ‘দেখনদারি দল।’ তবে আক্রমণে এত নাম কিনেও যে ভোঁতাই থাকছে পিএসজি, সেটি বোঝাতে বললেন, কিলিয়ান এমবাপ্পে ছাড়া পিএসজির কোনো খেলোয়াড়ই রিয়ালের বর্তমান দলে সুযোগ পাবেন না!

‘পিএসজি যতটা না প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো দল, তার চেয়েও বেশি প্রদর্শনী দল। আল-খেলাইফিকে কেউ সত্যিটা বলছে না। ওরা একের পর এক ফরোয়ার্ড কিনছে, তারকা কিনছে, কিন্তু দলটা রক্ষণে খুবই দুর্বল। (ভারসাম্য না থাকায়) দলটা যা করা উচিত, সেটা করতে পারছে না’—স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সের-এর টিভি চ্যানেলে বলেছেন মিশেল।

আর ফরোয়ার্ডদের নিয়ে বিশ্লেষণ? মিশেলের সোজা কথা, ‘এমবাপ্পে ছাড়া পিএসজির এই দলের কেউই রিয়াল মাদ্রিদের দলে সুযোগ পাবে না।’

রক্ষণ আর মাঝমাঠে ভারসাম্যহীন এই পিএসজিকে হারাতে রিয়ালকে খুব বেশি বেগ পেতে হয়নি বলেও মনে হচ্ছে মিশেলের। সেটির পেছনে যুক্তিও আছে তাঁর। সাদা চোখেও তা ধরা পড়ে, দুই লেগে ১৮০ মিনিটের মধ্যে শেষ ৩০ মিনিটেই তো প্রত্যাবর্তনের ঘোর লাগানো গল্প লিখেছে রিয়াল! প্রথম লেগে ১-০ গোলে জেতা পিএসজি দ্বিতীয় লেগে রিয়ালের মাঠেও ৬০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু ৬১ থেকে ৭৮—এই ১৮ মিনিটে করিম বেনজেমার হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে জিতে গেছে রিয়াল।

‘৬০ মিনিট পর্যন্ত ওদের হাতেই ছিল সবকিছু। কিন্তু আপনি রিয়াল মাদ্রিদকে একটা সুযোগ দেবেন তো ওরা আপনাকে ধ্বংস করে দেবে। দুই লেগ মিলিয়ে রিয়ালের নিয়ন্ত্রণে ছিল ৩০ মিনিট, বাকিটা পিএসজির। কিন্তু (রিয়ালের) এর বেশি দরকারও হয়নি। ৬০ মিনিট পর্যন্ত ম্যাড়মেড়েই ছিল দ্বৈরথটা, কিন্তু তখন দোন্নারুম্মা যদি ওভাবে গা ছেড়ে না দিত—ওটাকে ভুল বলব না আমি, এমন পর্যায়ের ম্যাচে এভাবে সময়ক্ষেপণে আপনি তো বিপদই ডেকে আনবেন!’—মিশেলের বিশ্লেষণ।

নেইমারের বয়স ৩০ হয়ে গেছে। আর ওর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমি নিশ্চিত নই ও আসলে কোনো দলকে আগের চেয়ে ভালো অবস্থানে নিয়ে গেছে কি না।
নেইমারকে নিয়ে রিয়ালের সাবেক খেলোয়াড় মিশেল

রিয়াল মাদ্রিদই যে বার্নাব্যুতে মন রাঙানো গল্প লিখবে, সে পূর্বানুমান হয়তো করেননি, তবে বিশ্বাসটা ছিল বলেই দাবি মিশেলের। রিয়াল কী, সেটি আশি-নব্বইয়ের দশকে রিয়ালে ১৪ বছর কাটানো স্প্যানিশ সাবেক মিডফিল্ডারের চেয়ে ভালো কজনই আর জানেন! রিয়ালের অনেক ফিরে আসার গল্পের অংশও তিনি। স্প্যানিশ ক্লাবটিতে চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তাঁর, তবে ছয়বার লিগ জেতার পাশাপাশি দুটি উয়েফা কাপ (এখনকার ইউরোপা লিগ) জিতেছেন। এর আগে-পরে রিয়ালের ইতিহাসও জেনেছেন, পড়েছেন, দেখেছেন।

বিশ্বাসের জন্ম হয়তো সেখান থেকেই, ‘(এভাবে রিয়ালের ফিরে আসার পর) ম্যাচটাকে যে কিংবদন্তিতুল্য বলা হচ্ছে, এটিই আশ্চর্য লাগছে আমার। ওদের (রিয়াল) তো জিততে খুব বেশি কিছু করতেও হয়নি! আমার কোনো সংশয়ই ছিল না যে রিয়াল মাদ্রিদই পরের রাউন্ডে যাবে।’

মিশেল কথা বলেছেন এমবাপ্পে, নেইমার আর রামোসকে নিয়েও। এর মধ্যে প্রথম আর শেষজনের ক্ষেত্রে তো রিয়ালের কারও কথা বলার কারণ সহজেই বোঝা যায়। এমবাপ্পে এই মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন বলে গুঞ্জন, রিয়ালের সর্বকালের সেরা অধিনায়কদের একজন রামোস গত মৌসুমে রিয়ালের সঙ্গে চুক্তি শেষে এই মৌসুমে গেছেন পিএসজিতে।

আর নেইমার? কয়েক বছর আগপর্যন্তও রিয়ালের কাছে নামটা ছিল দীর্ঘশ্বাসের প্রতিশব্দ, আর এখন নেইমারের কোনো ব্যর্থতা যেন তাদের নিষিদ্ধ আনন্দের উপলক্ষ।

মেসি, নেইমার ও এমবাপ্পে মিলেও পিএসজির চ্যাম্পিয়নস লিগ দুঃস্বপ্ন ঘোচাতে পারেননি
ফাইল ছবি: এএফপি

এমবাপ্পেকে তো মাদ্রিদের সংবাদমাধ্যম পারলে এখন-তখন রিয়ালে নিয়ে যায়! আজই স্প্যানিশ দৈনিক মার্কার খবর, আগামী সপ্তাহেই রিয়ালের সঙ্গে চুক্তিটা সেরে ফেলবেন এমবাপ্পে। যদিও ফরাসি সাংবাদিক সান্তি আউনা সে খবর মিথ্যাই বলছেন। এমবাপ্পের রিয়ালে যাওয়া না যাওয়া নিয়ে মিশেলের কথা, ‘আপনি একবার রিয়াল মাদ্রিদে খেললে সম্ভবত কখনোই আর ক্লাবটা ছাড়তে চাইবেন না। আর যদি না খেলেন, তাহলে খেলার চেষ্টা করবেন।’

নেইমারকে অবশ্য ধুয়ে দিয়েছেন খেলোয়াড়ি জীবন শেষে সেভিয়া, মার্শেই, মালাগা, অলিম্পিয়াকোস, হেতাফেকে কোচিং করানো মিশেল, ‘নেইমারের বয়স ৩০ হয়ে গেছে। আর ওর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমি নিশ্চিত নই ও আসলে কোনো দলকে আগের চেয়ে ভালো অবস্থানে নিয়ে গেছে কি না। বার্সেলোনা (নেইমার বার্সায় যোগ দেওয়ার) আগেও দারুণ দল ছিল, ব্রাজিল দল, পিএসজি...ও বার্সেলোনা ছাড়ল, এরপর বার্সেলোনার তো কিছু হলো না!’

আর রামোসের ক্ষেত্রে মিশেলের আক্ষেপ, কেন রামোসের মতো একজনের ক্যারিয়ারের শেষটা রিয়ালেই হলো না, ‘সের্হিও রামোসের মাদ্রিদ ছাড়াই ঠিক হয়নি। মাদ্রিদ ছাড়লে যা হয়, ওর ক্ষেত্রেও তা-ই হচ্ছে। কারণ মাদ্রিদে আপনার অনেক খেয়াল রাখা হয়। মাদ্রিদের একজন কিংবদন্তি মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবে ক্যারিয়ারের শেষ টানবে, এটা দেখতে আমার ভালো লাগে না। দুই পক্ষের দিক থেকেই এটা অপরাধ।’