আলবেনিয়ার প্রথম জয়ের রাতে দ্বিতীয় পর্বে ফ্রান্স-সুইজারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিকুর এই হেডেই ইউরোর প্রথম জয় পেল আলবেনিয়া। ছবি: রয়টার্স।
সাদিকুর এই হেডেই ইউরোর প্রথম জয় পেল আলবেনিয়া। ছবি: রয়টার্স।

ড্র হলেই চলে, এমন সমীকরণ পেয়ে নিরাপদ পথেই হাঁটতে পারত ফ্রান্স। কোনো ঝক্কিঝামেলা না করে সমতায় ম্যাচ শেষ করে এলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত ফ্রান্স। ভাগ্যিস সহজ পথ বেছে নেয়নি স্বাগতিক দল। সে জন্যই আজ দারুণ উপভোগ্য এক ম্যাচ উপহার পেল দর্শকেরা।

আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় আজ ফ্রান্সের কোনোভাবে না হারলেই চলত। এমন স্বস্তি নিয়ে মাঠে নামার সুবিধা নিয়েছেন কোচ দিদিয়ের দেশম। ফ্রান্সের প্রথম একাদশে ছিল পাঁচটি পরিবর্তন। তাতে যেন উল্টো ধার বেড়ে গেল দলটির। প্রথম থেকেই আক্রমণে আক্রমণে সুইস রক্ষণভাগকে ক্লান্ত করে ফেলেন গ্রিজম্যান-জিনিয়াক-পগবারা।

সে তুলনায় সুইজারল্যান্ড খেলছিল অনেক রক্ষণাত্মক। তবে গোলের প্রথম ভালো সুযোগ পেয়েছিল তারাই। ৭ মিনিটে ফ্রেঞ্চ ডি-বক্সে উড়ে আসা বলটিতে ব্রিল এমবোলো পা ছোঁয়াতে পারলেই হতো। কিন্তু মাটিতে পড়ে যান এই সুইস ফরোয়ার্ড। পল পগবা সে বল ধরতে গিয়ে উলটো আত্মঘাতী গোল দিতে বসেছিলেন।

এমন ধাক্কা খেয়েই জেগে ওঠে ফ্রান্স ওরফে পগবা। সুইস গোলরক্ষক সমার বাধা হয়ে না দাঁড়ালে ১২ ও ১৩ মিনিটে দু–দুটি গোল পেয়ে যেতেন পগবা। ১৬ মিনিটে অবশ্য সমার নন, গোলপোস্টই বাধা হয়ে দাঁড়াল এই মিডফিল্ডারের সামনে। তাঁর জোরালো শট সমারকে বোকা বানলেও পোস্টে লেগে বেরিয়ে যায়।

সুইজারল্যান্ডের জন্য আজ জয় পাওয়া জরুরি ছিল। কারণ ফ্রান্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই শেষ ষোলোতে এড়ানো যেত জার্মানি কিংবা পোল্যান্ডকে। আবার হারলেই তৃতীয় হওয়ার ঝুঁকি ছিল। তখন তাকিয়ে থাকতে হতো অন্য গ্রুপগুলোর দিকে। সে জন্যই হয়তো ম্যাচের আগে ‘জয়ের জন্য খেলব’ তর্জন-গর্জন অসারই প্রমাণিত হলো।

দ্বিতীয়ার্ধেও ফ্রান্সের আক্রমণের সামনে রক্ষণাত্মক হয়ে রইল সুইজারল্যান্ড। পুরো ম্যাচে আক্রমণের চেয়ে তাদের খেলোয়াড়দের জার্সি ছেঁড়ার ঘটনাই বেশি ঘটেছে।  আগের দুই ম্যাচে শেষের জাদু দেখানো দিমিত্রি পায়েতকে নামিয়েও গোল পায়নি ফ্রান্স। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচ। এই ড্রতেই নিশ্চিত হলো প্রথমবারের মতো ইউরোর নকআউটে উঠছে সুইজারল্যান্ড।

অন্য ম্যাচে অবশ্য ছড়িয়েছে অনেক নাটকীয়তা। লিওঁতে আজ ম্যাচের শুরু থেকেই রোমানিয়া ঝাপিয়ে পড়েছিল আলবেনিয়ার ওপর। ফ্রান্স সুইজারল্যান্ডকে হারালে ও নিজেদের ম্যাচে জয় পেলেই গ্রুপ রানার্সআপ হওয়ার নিশ্চয়তা। এমন অনুপ্রেরণায় উজ্জীবিত রোমানিয়া প্রথম ২০ মিনিট খেলেছেও দারুণ।

কিন্তু এরপরই ছন্দপতন। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আলবেনিয়া। দ্রুতলয়ের আক্রমণে বারবার ভয় দেখাচ্ছিল তারা। ৪৩ মিনিটে আর ভয় দেখিয়েই থামেনি, একেবারে গোলই করে বসল দলটি। লেডিয়ান মেমুশাইয়ের ক্রসটি বুঝতে ভুল করেন রোমানিয়ার গোলরক্ষক চিপরিয়ান তাতারুশানু। সে সুযোগ কাজে লাগিয়ে আলবেনিয়াকে গোল এনে দেন আরমান্দো সাদিকু।

দ্বিতীয়ার্ধে অবশ্য খেলায় ফিরে আসে রোমানিয়া। একের পর এক আক্রমণ করছিল দলটি, কিন্তু ডি-বক্সের আশপাশে এলেই খেই হারিয়ে ফেলছিল তারা। যে শটগুলো নিচ্ছিলেন নিকোলাই স্টানসিওরা, সেগুলো রাগবিতে গোল হলেও হতে পারত, ফুটবলে নয়। প্রতি–আক্রমণে ওঠা আলবেনিয়ার আক্রমণগুলোই বরং বেশি চমকপ্রদ ছিল। শেষ পর্যন্ত সাদিকুর গোলেই ম্যাচের ফল নির্ধারিত হয়।

প্রথমবারের মতো খেলতে এসে প্রথম জয়ও পেয়ে গেল অ্যালবেনিয়া। সে জয় শেষ ষোলোতে তুলে দিতে পারবে কি না, সেটা জানতে এখন ২২ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আলবেনিয়াকে। আশা করতে হবে, এই জয়ই সেরা চার তৃতীয় দলের একটি বানিয়ে দেবে তাদের।