আলবেনিয়ারও স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরা সন্ত্রাসী-টন্ত্রাসী নয়। আর্মেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো আলবেনিয়া ইউরো নিশ্চিত করায় তিরানার রাস্তায় বিচিত্র সাজে সমর্থকদের উৎসব l এএফপি
এরা সন্ত্রাসী-টন্ত্রাসী নয়। আর্মেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো আলবেনিয়া ইউরো নিশ্চিত করায় তিরানার রাস্তায় বিচিত্র সাজে সমর্থকদের উৎসব l এএফপি

২৮০০ কিলোমিটার দূরের ইয়েরেভানে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল উল্লাস। তিরানায় তো বটেই, প্রতিবেশী কসোভোর প্রিস্টিনাও যেন উৎসবের নগর। গাড়ির হর্ন বাজিয়ে, গান গেয়ে আলবেনিয়ানদের উদ্যাপন চলল অনেক রাত অবধি। ইতিহাসে প্রথমবারের মতো বড় আসরে খেলার স্বপ্নপূরণ তো আর প্রতিদিন হয় না, আনন্দটা একটু বল্গাহীন হতেই পারে!
এই ইউরো যেন অনেক দেশের স্বপ্নপূরণের দুয়ার খুলে দিয়েছে। এই তো গত কয়েক দিনের মধ্যেই বৈশ্বিক আসরে খেলার অনেক দিনের তৃষিত অপেক্ষার শেষ হয়েছে ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের। আইসল্যান্ড যেভাবে চূড়ান্ত পর্বে পা রাখল, সেটা তো রীতিমতো রূপকথাই। পরশু আর্মেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে আলবেনিয়াও যেন জানিয়ে দিল, পরের বছর ফ্রান্সের ইউরোতে বৈচিত্র্যের কমতি থাকবে না। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির শেষ ম্যাচ থেকে দরকার ছিল ১ পয়েন্ট, পরশু তারা চূড়ান্ত পর্বের টিকিটটা কাটল জয় দিয়েই। জয়টা অবশ্য সহজে আসেনি, জর্জিয়ার সঙ্গে ২-১ গোলের জয়টা ঠিক জার্মানসুলভ ছিল না। জার্মানি লিপজিগের দর্শকদের ভরাতে পারেনি। রয়েস, মুলাররা নেমেছিলেন যেন গোল মিসের মহড়ায়। টমাস মুলারের ৫০ মিনিটের পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল জার্মানি। তিন মিনিট পরই সমতা আনেন জর্জিয়ার জাজা কানকাভা। ৭৯ মিনিটে বদলি ম্যাক্স ক্রুসের গোলে জয় নিশ্চিত হয় জার্মানদের। তিন দিন আগে আয়ারল্যান্ডের কাছে হারের পর জার্মানি হয়তো একটা বার্তাই দিতে চেয়েছিল। সেটি না পারায় জার্মান কোচ জোয়াকিম লো বিরক্তি চেপে রাখেননি, ‘আমরা জানি, এ রকম কিছু আমাদের সঙ্গে যায় না। নিজেদের জীবনটা আমরা নিজেরাও কঠিন করে তুলেছি। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে।’
পরশু উৎসবের দিন ছিল রোমানিয়া-পোল্যান্ডেরও। অন্যদের মতো খুব বেশি অপেক্ষা করতে হয়নি বটে, তবে আট বছর পর আবার কোনো বড় আসরে খেলতে পারাটা রোমানিয়ার জন্য দারুণ স্বস্তির। ফারো আইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েই ফ্রান্সের টিকিট কেটেছে তারা। আর আয়ারল্যান্ডের সঙ্গে পোল্যান্ডের ম্যাচটা ছিল চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য একরকম অলিখিত ফাইনালে। সেটিতে ২-১ গোলে জিতে হেসেছে পোল্যান্ড, আয়ারল্যান্ডকে এখন নামতে হবে প্লে-অফের পরীক্ষায়। পোল্যান্ডের জয়টা কে নিশ্চিত করেছেন, অনুমান করুন তো? সবার মুখে একটাই নাম থাকার কথা, রবার্ট লেভানডফস্কি! দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন স্ট্রাইকারই করেছেন জয়সূচক গোল।
এদিকে কাল মন্টেনেগ্রোকে ২–০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে রাশিয়া। এএফপি।

এক নজরে
জার্মানি            ২   : ১ জর্জিয়া
সার্বিয়া            ১    : ২ পর্তুগাল
পোল্যান্ড          ২    : ১ আয়ারল্যান্ড
জিব্রাল্টার         ০    : ৬ স্কটল্যান্ড
ফারো আইল্যান্ড ০     : ৩ রোমানিয়া
ফিনল্যান্ড         ১     : ১ উত্তর আয়ারল্যান্ড
গ্রিস               ৪      : ৩ হাঙ্গেরি
আর্মেনিয়া         ০     : ৩ আলবেনিয়া
* স্বাগতিক দল প্রথমে