আলভেজ-ব্রাভোর রাত
ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করবেন, অধীর আগ্রহে অপেক্ষা করছিল বার্নাব্যু। অথচ সেটি কী দারুণভাবে না ঠেকিয়ে দিলেন ডিয়েগো আলভেজ! ভ্যালেন্সিয়া গোলরক্ষককে যাঁরা আগে থেকে চেনেন, তাঁরা খুব একটা অবাক হননি। ‘পেনাল্টি বিশেষজ্ঞ’ তকমাটাই তো জুটে গেছে এই ব্রাজিলিয়ানের গায়ে। পরশুর কীর্তিটা আরেকটা দিক দিয়েও ছিল বিশেষ কিছু—লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি বাঁচানোর রেকর্ডে আন্দোনি জুবিজারেতার (১৬) পাশে বসেছেন আলভেজ। গত ১০ বছরে লা লিগায় তাঁর কাছাকাছিও কেউ নেই, দ্বিতীয় আন্দ্রেস পালোপ ঠেকিয়েছেন ১১টি। আর রোনালদোকেও পেনাল্টিবঞ্চিত করেছেন দ্বিতীয়বারের মতো, লা লিগায় আর কোনো গোলরক্ষকের এই কীর্তি নেই।
পরশুর রাতটা আসলে ছিল গোলরক্ষকদেরই। রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ২-০ গোলের জয়ে বার্সেলোনার ক্লদিও ব্রাভোও গড়ে ফেলেছেন একটি কীর্তি। এই মৌসুমে ২২ ম্যাচে কোনো গোল হজম করেননি বার্সার চিলিয়ান গোলরক্ষক, ১৯৯৮-৯৯ সালের পর এক মৌসুমে এটাই সবচেয়ে বেশি ‘ক্লিন শিটের’ রেকর্ড।