আলভেজের অন্য রকম ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের ম্যাচটা তাঁর জন্য ভীষণ আবেগের। ভীষণ ক্ষোভেরও। সেই আবেগ আর ক্ষোভ বুকে নিয়েই আজ বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবেন জুভেন্টাস রাইটব্যাক দানি আলভেজ।
‘জুভেন্টাস রাইটব্যাক’ পরিচয়টাও যেমন এখনো তাঁর নামের পাশে বেখাপ্পা লাগে কিছুটা। বার্সেলোনা থেকে আলভেজ যে কখনো আলাদা হবেন, সেটি ভাবাই তো বিস্ময়কর ছিল একসময়। ছয়টি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, চারটি কোপা ডেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, তিনটি ক্লাব বিশ্বকাপ—সবই তো বার্সেলোনার হয়ে।
কিন্তু সেই বার্সেলোনাও একসময় তাঁর পর হয়ে গেল! ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কটা শীতল হয়ে গিয়েছিল। সেটা শেষের দিকে এমন তিক্ততায় পৌঁছাল যে, গত বছর ন্যু ক্যাম্প ছাড়তেই হলো। চ্যাম্পিয়নস লিগে তিনটি ট্রফির সর্বশেষটি যাদের হারিয়ে, সেই জুভেন্টাসে যোগ দিলেন ফ্রি ট্রান্সফারে। পরে এক সাক্ষাৎকারে বোঝা গেল, কতটা ক্ষোভ জমা হয়েছিল তাঁর ভেতরে। বার্সাকে বিশ্বের সবচেয়ে ‘অকৃতজ্ঞ ক্লাব’ও বলে দিলেন। সেই ক্ষোভ এখনো কমেনি।
আবার এটাও সত্যি, বার্সা কর্তৃপক্ষের ওপর ক্ষোভ থাকলেও মেসি-ইনিয়েস্তাদের সঙ্গে বন্ধুত্বটা তো আর এত সহজে নষ্ট হওয়ার নয়। তাঁর ক্রস থেকে কত কত গোল মেসির! সেই আলভেজ আজ মাঠে নামবেন মেসিকে আটকাতে! ওভারল্যাপ করে উঠে গিয়ে মেসির জন্য যা করতেন, সেটা আজ করতে চাইবেন দিবালা-হিগুয়েইনদের জন্য। চাইবেন বার্সেলোনার হার। এমন আবেগের ম্যাচ ক্যারিয়ারে আর এসেছে নাকি আলভেজের!
সেই আবেগটা একান্তই তাঁর নিজস্ব। ওসব বাদ দিলেও তাঁর মতো একজন ডিফেন্ডারকে দলে পেয়ে বেশ খুশি তাঁর সতীর্থ দিবালা। মেসির মতো আলভেজ তাঁকেও অনেক গোল বানিয়ে দেবেন বলে আশা করেন তিনি, ‘নিঃসন্দেহে সে বার্সেলোনাকে খুব ভালো চেনে। আমি ওর সঙ্গে এ নিয়ে কথা বলেছি, পরামর্শ নিয়েছি। ওর ডান পা-টা অসাধারণ আর এমন একটা পজিশনে খেলে, যেটা আমার জন্য খুব ভালো। মেসিকে সে কত গোল বানিয়ে দিয়েছে, সেটা ভুলে যাবেন না।’
সেটা কি মেসিও কখনো ভুলবেন! এএফপি।