আলসেমির কারণেই হার জুভেন্টাসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের বিপক্ষে ইন্টারের জয়ের নায়ক ইকার্দি। ছবি-এএফপি।
জুভেন্টাসের বিপক্ষে ইন্টারের জয়ের নায়ক ইকার্দি। ছবি-এএফপি।

সর্বশেষ পাঁচ মৌসুমেই সিরি ‘আ’র টানা চ্যাম্পিয়ন! এ মৌসুমেও জুভেন্টাসের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জয়। সেই দলটাই কিনা কাল রাতে লিগের চতুর্থ ম্যাচে এসে হেরে গেল ইন্টার মিলানের কাছে! তাও এক গোলে এগিয়ে যাওয়ার পর। একটু কি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল জুভেন্টাস? কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিরি অন্তত তা-ই ধারণা। ‘আলসেমি’ আর ‘আত্মতুষ্টি’ই কাল জুভদের হারের কারণ বলে মনে করেন ইতালিয়ান এই কোচ।


ইন্টারের কাছে জুভেন্টাসের হারটা অবশ্য অঘটন নয় কোনোভাবেই। তবে জুভেন্টাসের সাম্প্রতিক ফর্মের কারণে গতকালের ২-১ গোলের হারটা একটা বড় ধাক্কাই। টানা পাঁচবার শিরোপা জিতে সিরি ‘আ’কে এখন জুভরা ‘এক ঘোড়ার দৌড়’ই বানিয়ে ফেলেছে। এক সময়ের প্রতাপশালী দুই মিলান এখন হারিয়ে খুঁজছে নিজেদের। এসি মিলান সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১০-১১ মৌসুমে, ইন্টার ২০০৯-১০ মৌসুমে। এই মৌসুমেও ইন্টারের শুরুটা হয়েছে বেশ বাজে। সব ধরনের প্রতিযোগিতায় মৌসুমের প্রথম চার ম্যাচে মাত্র একটি জয় ছিল ইন্টারের। কোচ ফ্রাঙ্ক ডি বোরকে ছাঁটাই করা হতে পারে—এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল এখানে-সেখানে। সেই ইন্টার কাল পিছিয়ে পড়েও ম্যাচ জিতে নিল দারুণভাবে।

লিখস্টেইনারের গোলে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর ইন্টারের হয়ে গোল করেছেন ইকার্দি ও পেরিসিচ। শেষদিকে এভার বানেগা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও দশ জনের ইন্টার আর গোল খায়নি।

মৌসুমে প্রথম হার, এখনই তাই দুশ্চিন্তার কিছু নেই। তবে জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এটাকেই নিচ্ছেন সতর্কবার্তা হিসেবে, ‘আমাদের আলসেমিতে পেয়ে বসেছিল, বেশি তুষ্ট হয়ে পড়েছিলাম, ফলে খেলায় ধার হারিয়েছি। এই হারটা আমাদের ভেতরে-ভেতরে পোড়াক, তাহলেই আমরা শিক্ষা পাব এবং আমাদের পা আবারও মাটিতে ফিরবে।’

অন্যদিকে বাজে শুরুর পর জুভেন্টাসের বিপক্ষে এসে এমন একটা জয় বেশ চাঙা করে তুলেছে ইন্টারকে। তবে এটা যেন আবার বাড়তি আত্মতুষ্টি দিয়ে না ফেলে সে জন্য অ্যালেগ্রির মতো সতর্ক ইন্টার কোচ ফ্রাঙ্ক ডি বোরও, ‘আমাদের বাস্তবতা মাথায় রাখতে হবে। এক ম্যাচ জিতলেই সব পাল্টে যায় না। জুভের বিপক্ষে জিতে যদি আপনি এমপোলির কাছে পরের ম্যাচটা হেরে যান তাহলে এর কোনো মানে নেই।’ গোল ডটকম।