আলাভেস তো বার্সেলোনার পুরোনো শত্রুই

২৭ মে তারিখটাকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হচ্ছে লুইস এনরিকের। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে ওঠার পর এমনিতেই হয়তো কাজটা করতেন। কিন্তু কাল ফাইনালের প্রতিপক্ষ জানার পর আর কোনো হয়তো থাকছে না, দাগটা দিয়ে দিতেই হচ্ছে বার্সা কোচকে। কাপের ফাইনালে যে আলাভেসকে পেয়েছে বার্সেলোনা।
গতকাল সেল্টা ভিগোকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে আলাভেস। প্রথম লেগে সেল্টার মাঠে গোলশূন্য ড্র করায়, ৮১ মিনিটে এডগার মেন্ডেজের গোলটাই কাপের ফাইনালে তুলে দিল আলাভেসকে। এই এক গোলেই নিশ্চিত ইতিহাস রচনা। ক্লাবের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম কোপা ডেল রের ফাইনালে উঠল আলাভেস। এর আগে বার দু-এক কাপের সেমিতে উঠেই শেষ হয়েছিল দলটির কাপ-দৌড়।
এমন ইতিহাসই বলে দিচ্ছে কাপের ফাইনালটা ‘ডেভিড বনাম গোলিয়াথ’ হতে যাচ্ছে। একদিকে বার্সেলোনা, যারা প্রতি মৌসুমে ট্রেবলের স্বপ্ন দেখে—তারা খেলতে যাচ্ছে তাদের ইতিহাসের ৪০তম কোপা ডেল রের ফাইনাল। অন্যদিকে আলাভেস, যারা গত মৌসুমেও ছিল স্পেনের দ্বিতীয় বিভাগে। যাদের সেরা সাফল্য ২০০০-০১ মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে ওঠা। তবু যদি পার্থক্য বুঝতে কষ্ট হয় তাহলে আরেকটা তথ্য দিয়ে জেনে নিন—আলাভেসের পুরা মৌসুমের বাজেট এবার ৪৯.৩ মিলিয়ন ইউরো। আর আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসারকে কিনতেই এবার বার্সার খরচ হয়েছে ৬৫ মিলিয়ন ইউরোর কিছু বেশি। বার্সেলোনার পুরো মৌসুমের বাজেট ৬৯৫ মিলিয়ন। দুই দলের মধ্যে অর্থনৈতিক পার্থক্য শুধু এই মৌসুমেই ৬৪৬ মিলিয়ন ইউরো!
তবু আলাভেস বলেই দুশ্চিন্তা এনরিকের। আগামী শনিবার আলাভেসের মাঠে লিগের ম্যাচ খেলতে যাবে বার্সেলোনা। গত ১০ সেপ্টেম্বরের ম্যাচটা ভালো করেই মনে থাকার কথা বার্সেলোনার। নিজেদের মাঠে সেদিন সুয়ারেজ-নেইমাররা আলাভেসের কাছে হেরে গিয়েছিলেন ২-১ ব্যবধানে! ভিয়ারিয়ালের মতো দলও সে দুর্ভাগ্যের শিকার হয়েছে গত নভেম্বরে। আর আলাভেসের কাছে হার তো বার্সার জন্য নতুন কিছু নয়!
১৯৯৮-৯৯ মৌসুমে ৪২ বছর পর লা লিগায় ফিরেছিল আলাভেস। ওই মৌসুমে তেমন কিছু করতে পারেনি দলটি, শুধু রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজেদের মাঠে ড্র করেছিল তারা। বার্সেলোনার কাছে হেরেছিল দুই ম্যাচেই। কিন্তু পরের মৌসুমেই বার্সা খেয়ে যায় তাঁদের ইতিহাসের অন্যতম বড় ধাক্কা। আলাভেসের কাছে দুই ম্যাচেই হেরেছিল বার্সেলোনা। হারানো ওই ৬ পয়েন্টেই সেবার লা লিগার শিরোপা খুইয়েছিল বার্সা!
এবারও তেমন কিছু যে হবে না, সেটা কে বলতে পারে? ২৭ মে দিনটাকে তাই গুরুত্ব দিতেই হচ্ছে এনরিকেকে।