আলাভেসের কাছে বার্সার হার, দায় নিচ্ছেন এনরিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাভেসের বিপক্ষে হেরেই গেল বার্সেলোনা।
আলাভেসের বিপক্ষে হেরেই গেল বার্সেলোনা।

লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচেই অঘটন! বার্সেলোনা ২-১ গোলে হেরে গেছে নবাগত আলাভেসের কাছে! 

এ মৌসুমেই শীর্ষ পর্যায়ে উঠে আসা একটি দলের বিপক্ষে বার্সেলোনার হারটা অঘটন হলেও নতুন কিছু নয়। ঠিক পাঁচ বছর আগে ২০১০ সালে ন্যু ক্যাম্পে পেপ গার্দিওলার ‘অজেয়’ বার্সেলোনা হেরে গিয়েছিল লা লিগায় নবাগত হারকিউলিসের কাছে।
লুইস এনরিকে একাদশে বেশ কিছুটা অদলবদল করেছিলেন। জাতীয় দলের হয়ে খেলে ফেরার পর লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের একটু বিশ্রামেরও দরকার ছিল। আলাভেসের বিপক্ষে তাই একাদশে ছিলেন না মেসি, সুয়ারেজ। ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, টার স্টেগেন ও সার্জি রবার্তো। এনরিকে ভাবেননি জর্ডি আলবা ও স্যামুয়েল উমতিতির কথাই।
তাহলে থাকল কে! তারকাহীন, বর্ণহীন বার্সেলোনার বিপক্ষে পুরো সুযোগটাই নিল আলাভেস। ম্যাচের ৩৯ মিনিটে দেইভারসনের গোলে এগিয়ে যায় তারা। জেরেমি ম্যাথিউ ৪৬ মিনিটে সমতা ফেরালেও ৬৪ মিনিটে ইবাই গোমেজের গোলে ২-১ গোলে এগিয়ে যায় আলাভেস। ম্যাচের বাকি সময়ে অনেক চেষ্টা চালিয়েও স্কোর লাইনটা বদলাতে পারেনি বার্সেলোনা। যদিও ম্যাচের ৬০ মিনিটের মাথায় মেসি ও ৬৪ মিনিটে ইনিয়েস্তাকে মাঠে নামিয়েছিলেন এনরিকে। একপর্যায়ে মাঠে নামানো হয় সুয়ারেজকেও। নেইমার ছিলেন শুরু থেকেই। কিন্তু তিনি একা কিছুই করতে পারেননি।
এমন হারের পুরো দায়ই নিজের কাঁধে নিয়েছেন বার্সা কোচ এনরিকে। প্রতিপক্ষ কোচ মাওরিসিও পেলেগ্রিনোর কৌশল তাঁকে কিছুটা চমকে দিয়েছে বলেও মেনে নিলেন, ‘এই হারের জন্য আমিই দায়ী। এই হার আমাদের শিক্ষা দেবে। আজ আমরা ভুল করেছি, নিখুঁত ছিলাম না। ওরা তিনবার চেষ্টা করেই দুটো গোল দিয়ে দিল। সবাই আমাদের ফেবারিট মনে করেছিল। কিন্তু মাঠে আমরা যে প্রতিরোধের মুখে পড়লাম, সেটাই বুঝিয়ে দিল জয়ের মালা গলায় পড়া কতটা কঠিন।’
এনরিকের কণ্ঠে যেন একটু অভিমানও, ‘জয়ের পর খেলোয়াড়দের নিয়ে কথা হয়। হারের পর হয় কোচকে নিয়ে কথা। এখানে যা খারাপ কিছু হয়, সবকিছুর মূলেই আমি।’
উল্টো অনুভূতি আলাভেসের আর্জেন্টাইন কোচ মাওরিসিও পেলেগ্রিনোর। নব্বই দশকের শেষদিকে ধারে বার্সেলোনায় একটা মৌসুম খেলা পেলেগ্রিনো যেন এমন জয়ের পর আকাশে উড়ছেন, ‘আসলে ফুটবলে সবকিছুই সম্ভব। আমি আশা করছি, এই দলটা আরও এগিয়ে যাবে।’ রয়টার্স।